চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বিশেষ মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ কর্মসূচির আওতায় ৬৭৬ জন বন্যার্তকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে।
বুধবার (১৫ জুলাই) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোস্ট গার্ড পূর্ব জোনের ব্যবস্থাপনায় বুধবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত বাঁশখালী উপজেলার শেখেরখীল-১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বিশেষ মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় দিনব্যাপী এ সেবা কার্যক্রম পরিচালিত হয়।
মেডিকেল ক্যাম্পে অংশ নেওয়া চিকিৎসক দল রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজন অনুযায়ী ওষুধ সরবরাহ করেন। বিশেষ করে পানিবাহিত রোগ, জ্বর, চর্মরোগ ও সাধারণ শারীরিক সমস্যায় আক্রান্ত মানুষ এ সেবা গ্রহণ করেন।
কোস্ট গার্ড জানিয়েছে, উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের মানুষের কল্যাণে তারা নিয়মিত মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
BanglaDock