সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৪ বাংলাদেশি। আহতদের মধ্যে ১১ জন কর্মী এবং ১৩ জন ওমরাহ যাত্রী। তাঁদের রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রোববার (১১ অক্টোবর) রাতে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের দেওয়া তথ্য অনুযায়ী, ১০ অক্টোবর দিবাগত রাত ৩টা ১৫ মিনিটের দিকে বিমানবন্দরের টার্মিনাল-৩-এর ওপর একটি ক্ষেপণাস্ত্র পড়ে। এতে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের যাত্রীরা হতাহত হন।
দূতাবাসের প্রাথমিক তথ্য অনুযায়ী, এ হামলায় মোট ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছেন। নিহত দুই বাংলাদেশি হলেন বগুড়ার শাহেদ আহম্মেদ ও কুমিল্লার নাসরুল্লাহ বদরপুরি।
আহত বাংলাদেশিদের মধ্যে তিনজন কিং আব্দুল্লাহ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। তাঁরা হলেন ঢাকার হাফেজ হাসান, ব্রাহ্মণবাড়িয়ার কাজী নুরুল্লাহ এবং সৌদি আরবপ্রবাসী কর্মী ওমর ফারুক। দূতাবাস জানিয়েছে, তাঁদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।
এ ছাড়া ন্যাশনাল গার্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নওগাঁর সাফফাত রহমান ও কুমিল্লার দাউদুল ইসলাম। সাফফাত রহমান অচেতন অবস্থায় রয়েছেন।
রিয়াদ মেডিক্যাল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ঢাকার সাইমুল ইসলাম সৌরভ ও আবুল মনসুর মো. রিয়াজ উদ্দীন। আহত অন্য বাংলাদেশিদের চিকিৎসার বিষয়ে দূতাবাসের পক্ষ থেকে খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।
BanglaDock