৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন এবং এ উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালনের বিষয়ে নতুন পরিপত্র জারি করে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
রোববার (১১ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা পরিপত্রে বলা হয়, এর মাধ্যমে গত ১১ মার্চ জারি করা আগের পরিপত্রটি বাতিল করা হয়েছে। নতুন নির্দেশনায় দিবস পালন, সরকারি ব্যয় সাশ্রয় এবং দাপ্তরিক কাজে বিঘ্ন এড়ানোর বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
পরিপত্রে জাতীয় পর্যায়ের প্রধান উৎসব ছাড়া অন্যান্য দিবস পালনে অতিরিক্ত ব্যয় ও জাঁকজমক পরিহারের নির্দেশনা দেওয়া হয়েছে। আলোকসজ্জা, সৌন্দর্যবর্ধন এবং বড় ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিবর্তে প্রাতিষ্ঠানিক আলোচনা, রেডিও-টেলিভিশনে আলোচনা অনুষ্ঠান এবং সীমিত পরিসরে সেমিনার বা সিম্পোজিয়ামের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া কর্মদিবসে সাধারণ মানুষের ভোগান্তি এড়াতে সমাবেশ ও শোভাযাত্রা পরিহার করতে বলা হয়েছে। সরকারি অফিসের স্বাভাবিক কার্যক্রম সচল রাখা এবং আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছুটির দিনে অথবা অফিস সময়ের পর আয়োজনের চেষ্টা করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
সরকারি ব্যয় কমাতে একই ধরনের দিবস একত্রে পালন এবং বিশেষ সপ্তাহের অনুষ্ঠানসূচি সাধারণভাবে সর্বোচ্চ তিন দিনের মধ্যে সীমিত রাখার কথাও বলা হয়েছে। দিবস পালনের জন্য জেলা পর্যায় বা রাজধানীর বাইরে থেকে কর্মকর্তা-কর্মচারীদের ঢাকায় আনা যথাসম্ভব এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
BanglaDock