চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় কোস্ট গার্ডের অভিযানে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে রাখা ২২ হাজার ৫০০ কেজি ডিএপি সার জব্দ করা হয়েছে। এ ঘটনায় ২৩ জনকে আটক করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) সকালে কোস্ট গার্ড জানায়, শুক্রবার সকাল ৭টার দিকে পতেঙ্গা থানাধীন বহিঃনোঙ্গর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সন্দেহজনক দুটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে ২৩ জনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মায়ানমারে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে সার বহনকারী একটি কার্গো বোট কর্ণফুলী চ্যানেলে অবস্থান করছে।
পরে একই দিন সকাল ১০টার দিকে কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম পতেঙ্গা ১৫ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় আরেকটি অভিযান চালায়। অভিযানের সময় কার্গো বোটে থাকা পাচারকারীরা পালিয়ে যায়। পরে বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১৫ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ৪৫০ বস্তা ডিএপি সার এবং পাচারকাজে ব্যবহৃত কার্গো বোট জব্দ করা হয়।
জব্দ করা সার, কার্গো বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
BanglaDock