মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের প্রবাসী অধ্যুষিত বাণিজ্যিক এলাকা কোতারায়ায় সাঁড়াশি অভিযান চালিয়ে ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির যৌথ বাহিনী।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে শুরু হওয়া এ অভিযানে প্রায় ২ হাজার ৫০০ বিদেশি নাগরিকের নথিপত্র যাচাই করা হয়। বেআইনিভাবে ব্যবসা পরিচালনা, অনাকাঙ্ক্ষিত জনসমাগম এবং বৈধ নথিপত্র না থাকার মতো বিভিন্ন অভিযোগ ও আইন লঙ্ঘনের বিষয় খতিয়ে দেখতে এ অভিযান চালানো হয়।
কুয়ালালামপুর অভিবাসন বিভাগের পরিচালক হামশাহ ইনজাউ জানান, অভিবাসন বিভাগ, সিটি করপোরেশন (ডিবিকেএল), ফায়ার সার্ভিস, জাতীয় নিবন্ধন বিভাগ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমন্বয়ে ৩৩৭ সদস্যের একটি যৌথ দল অভিযানে অংশ নেয়।
আটক ৪৭২ জনের বয়স ১৮ থেকে ৬২ বছরের মধ্যে। তাদের মধ্যে ৪৩৯ জন পুরুষ ও ৩৩ জন নারী। বাংলাদেশি ৩৬৪ জনের বাইরে মিয়ানমারের ৫৭, ফিলিপাইনের ৯, নেপাল, ইন্দোনেশিয়া ও পাকিস্তানের ৭ জন করে, ভারতের ৬, চীনের ৩ এবং জিম্বাবুয়ে ও সৌদি আরবের একজন করে নাগরিক রয়েছেন।
তবে অভিযানসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নথিপত্র যাচাই করা অধিকাংশ বিদেশির বৈধ কাগজপত্র ছিল। নির্দিষ্ট কিছু আইন ও শর্ত লঙ্ঘনের অভিযোগে তাদের সাময়িকভাবে আটক করা হয়। বিশেষ করে বৈধ অনুমতি ছাড়া ব্যবসা পরিচালনার অভিযোগে জড়িতদের বিরুদ্ধে ডিবিকেএল পৃথক আইনি ব্যবস্থা নেবে।
প্রাথমিক প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিদের পরবর্তী আইনি ব্যবস্থা ও অধিকতর তদন্তের জন্য বুকিত জলিল ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।
এদিকে, অনিয়মিত অভিবাসীদের সতর্ক করে হামশাহ ইনজাউ বলেন, অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিক এবং তাদের আশ্রয়দাতাদের বিরুদ্ধে মালয়েশিয়া সরকারের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। তিনি দেশটিতে অবস্থানরত অবৈধ অভিবাসীদের ‘মাইগ্র্যান্ট রিপ্যাট্রিয়েশন প্রোগ্রাম’ (পিআরএম)-এর সুযোগ নিয়ে নিজ নিজ দেশে ফিরে যাওয়ার আহ্বান জানান।
BanglaDock