অক্টোবরে ঢাকায় বাংলাদেশের সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে ব্রাজিলের প্রস্তাব নিয়ে আলোচনা চললেও এ ম্যাচ আয়োজনের জন্য সরকারি অর্থ ব্যয়ের পক্ষে নয় সরকার। মঙ্গলবার (২৫ আগস্ট) যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এ কথা জানিয়েছেন।
ঢাকায় বক্সিং ফেডারেশনের কোচেস ট্রেনিংয়ের সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ, জ্বালানিসহ বিভিন্ন খাতে সরকারের বড় ধরনের ব্যয় রয়েছে। এ অবস্থায় একটি ফুটবল ম্যাচ আয়োজনের জন্য সরকার অর্থ ব্যয় করতে চায় না।
তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বিভিন্ন স্পনসর সংগ্রহ করে আয়োজনটি সম্পন্ন করতে পারলে সরকার সার্বিক সহযোগিতা করবে বলে জানান আমিনুল হক।
প্রতিমন্ত্রী বলেন, ব্রাজিলের সম্ভাব্য বাংলাদেশ সফরের বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। বাফুফের সভাপতির সঙ্গে তার প্রাথমিক আলোচনা হয়েছে। তবে ম্যাচ আয়োজনের ব্যয়ভার ও অন্যান্য আনুষঙ্গিক বিষয়ে এখনো বিস্তারিত আলোচনা হয়নি।
ব্রাজিল বাংলাদেশে এলে দেশের ফুটবলের কতটা উন্নতি হবে—এমন প্রশ্নের জবাবে আমিনুল হক বলেন, ম্যাচটি আয়োজন করা গেলে তা বাংলাদেশের জন্য বড় অর্জন হবে এবং দর্শকদের প্রত্যাশা পূরণ হবে। তবে শুধু ব্রাজিলের সঙ্গে একটি ম্যাচ খেললেই বাংলাদেশের ফুটবলে বড় ধরনের পরিবর্তন আসবে—এমনটা মনে করেন না তিনি।
তিনি আরও বলেন, ব্রাজিলের বিপক্ষে ম্যাচ আয়োজনের বিষয়টি এখনো একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। আদৌ ব্রাজিল দল বাংলাদেশে আসবে কি না, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত হয়নি।
BanglaDock