কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকায় যৌথ অভিযান চালিয়ে ৬ মাসের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫।
র্যাব-১৫-এর এক প্রেস রিলিজে জানানো হয়, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩ জুলাই ২০২৬ বিকেল আনুমানিক ৫টা ৩০ মিনিটে র্যাব-১৫-এর সিপিসি-২-এর একটি আভিযানিক দল উখিয়া থানাধীন বালুখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকায় বিশেষ যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামি নুরু হোসেন ওরফে নুরু (২৫)-কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত নুরু হোসেন উখিয়া উপজেলার ৯ নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের এ/৪ ব্লকের বাসিন্দা। তিনি মৃত ফজল আহাম্মদ ও দোলা বেগমের ছেলে।
প্রেস রিলিজে আরও উল্লেখ করা হয়, ১৯৪৬ সালের বিদেশী নাগরিক সংক্রান্ত আইনের ১৪ ধারায় দায়ের করা একটি মামলায় আদালত নুরু হোসেনকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড, ১ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই তিনি গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমন এবং সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের আইনের আওতায় আনতে র্যাব-১৫-এর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও প্রেস রিলিজে উল্লেখ করা হয়।
BanglaDock