`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

ক্যান্সার শনাক্তের পর বিয়ের সিদ্ধান্ত, ১৫ মিনিটেই আনুষ্ঠানিকতা সারেন হিনা খান

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 2, 2026 ইং
ক্যান্সার শনাক্তের পর বিয়ের সিদ্ধান্ত, ১৫ মিনিটেই আনুষ্ঠানিকতা সারেন হিনা খান ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

দীর্ঘ ১৩-১৪ বছরের প্রেমের সম্পর্ক থাকলেও বিয়ে নিয়ে তেমন কোনো পরিকল্পনা ছিল না ভারতীয় অভিনেত্রী হিনা খান ও রকি জয়সওয়ালের। তবে স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর জীবনের অনিশ্চয়তা নতুন করে ভাবতে শেখায় হিনাকে। একপর্যায়ে প্রেমিক রকিকে সরাসরি বিয়ের প্রস্তাব দেন তিনি। এরপর আর দেরি করেননি দুজন। মাত্র ১৫ মিনিটেই সম্পন্ন করেন বিয়ের আনুষ্ঠানিকতা।


সম্প্রতি সোহা আলি খানের সঙ্গে এক পডকাস্টে নিজেদের সম্পর্ক ও বিয়ের গল্প শোনান হিনা। অভিনেত্রী জানান, বিয়ের সিদ্ধান্ত আগে থেকে নেওয়া ছিল না। অসুস্থতা ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যেই বিষয়টি নিয়ে ভাবতে শুরু করেন তিনি।


২০২৪ সালে তৃতীয় পর্যায়ের স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার কথা জানান হিনা। এরপর থেকে চিকিৎসার পাশাপাশি রোগটির সঙ্গে লড়াই করছেন তিনি। সেই কঠিন সময়েই রকিকে বিয়ের প্রস্তাব দেন অভিনেত্রী।


হিনা বলেন, রকির সঙ্গে তাঁর সম্পর্ক প্রায় ১৩-১৪ বছরের। দীর্ঘ সময় একসঙ্গে কাটালেও বিয়ে নিয়ে তাঁদের বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। অসুস্থতার মধ্যে একদিন রকিকে তিনি বলেন, ‘তুমি চাইলে জীবনে এগিয়ে যেতে পারো। অন্য কাউকে বিয়ে করতে পারো। অথবা আমাকে বিয়ে করে নাও। কারণ, কাল কী হবে, তা আমি জানি না।’


হিনার এই কথার পরই বিয়ের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। সবকিছু এত দ্রুত ঘটে যে আলাদা করে আয়োজন বা প্রস্তুতির সুযোগ পাননি তাঁরা। মাত্র ১৫ মিনিটের মধ্যেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।


বিয়ের পর তাঁদের সম্পর্কের ধরনেও বিশেষ কোনো পরিবর্তন আসেনি বলে জানান হিনা। তাঁর মতে, বিয়ে তাঁদের সম্পর্ককে নতুন কোনো সংজ্ঞা দেয়নি। বিয়ে না করলেও দুজনের সম্পর্ক যেমন ছিল, তেমনই থাকত। এমনকি প্রথম বিবাহবার্ষিকীর দিনটিও তাঁদের মনে ছিল না।


পরিবারের সদস্য ও পরিচিতজনেরা বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানাতে শুরু করলে দিনটির কথা মনে পড়ে তাঁদের। এরপর একে অপরকে শুভেচ্ছা জানান। বিশেষ দিন উদ্‌যাপন কিংবা দিনক্ষণ মনে রাখার চেয়ে সম্পর্কের স্বচ্ছন্দতাকেই বেশি গুরুত্ব দেন এই দম্পতি।


উল্লেখ্য, ২০২৫ সালের ৪ জুন মুম্বাইয়ে নিজেদের বাড়ির ছাদে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন হিনা খান ও রকি জয়সওয়াল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁদের পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা। সে সময় হিনার তৃতীয় পর্যায়ের স্তন ক্যান্সারের চিকিৎসা চলছিল। কঠিন সময়ে রকি যেভাবে পাশে থেকেছেন, সে কথা বিভিন্ন সময় জানিয়েছেন অভিনেত্রী।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায়

বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায়