কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে দুটি দেশীয় ওয়ান শুটারগান, চার রাউন্ড গুলি ও দুটি শটগানের কার্তুজসহ দুই রোহিঙ্গা ভাইকে গ্রেপ্তার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
সোমবার (১২ অক্টোবর) ভোরে উখিয়ার ২ নম্বর (ওয়েস্ট) রোহিঙ্গা ক্যাম্পের সি-০৫ ব্লকে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ওই ক্যাম্পের বাসিন্দা সৈয়দ হোসেনের ছেলে মো. ফয়সাল (২১) ও তার বড় ভাই রবিউল আলম (২৩)।
এপিবিএন সূত্র জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুই ভাইয়ের বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় তাদের হেফাজত থেকে দুটি দেশীয় ওয়ান শুটারগান, চার রাউন্ড গুলি ও দুটি শটগানের কার্তুজ উদ্ধার করা হয়। পরে তাদের অস্ত্র ও গোলাবারুদসহ এপিবিএন হেফাজতে নেওয়া হয়।
১৪ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমীন জানান, রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযান চলছে। ক্যাম্পে অপরাধ দমনে এপিবিএনের সদস্যরা তৎপর রয়েছেন। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
BanglaDock