বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগে আগের নিয়ম বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমেই শিক্ষক নিয়োগ কার্যক্রম চলবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষক নিবন্ধন সনদ অর্জনের জন্য প্রার্থীদের আগের মতো প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার ধাপ অতিক্রম করতে হবে। অর্থাৎ শিক্ষক নিয়োগের নিবন্ধন পরীক্ষায় লিখিত পরীক্ষা বাদ দেওয়ার আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক।
সভায় এনটিআরসিএর চেয়ারম্যান আলিফ রুদাবাসহ মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, শিক্ষক নিয়োগ ও নিবন্ধন পরীক্ষা আগের নিয়মেই নেওয়া হবে। এ বিষয়ে আগে নেওয়া সিদ্ধান্ত বাতিল করা হয়েছে এবং শিগগিরই এ-সংক্রান্ত পরিপত্র জারি করা হবে।
ফলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক হওয়ার জন্য আগ্রহী প্রার্থীদের এনটিআরসিএর নিবন্ধন পরীক্ষার প্রচলিত প্রক্রিয়ার মধ্য দিয়েই সনদ অর্জন করতে হবে।
BanglaDock