মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, মিয়ানমার বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে। পাশাপাশি মালয়েশিয়ায় অবস্থানরত ৫ হাজার রোহিঙ্গাকেও ফেরত নেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছে দেশটি।
বুধবার (২৯ জুলাই) এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আনোয়ার ইব্রাহিম এ তথ্য জানান। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু স্থানীয় সংবাদমাধ্যম Free Malaysia Today-এর বরাতে এ খবর প্রকাশ করেছে।
আনোয়ার ইব্রাহিম বলেন, দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর দাবি থাকলেও মিয়ানমার তাদের গ্রহণে অনাগ্রহী ছিল। তিনি বলেন, “মানুষ বলে ওদের ফেরত পাঠাও। কিন্তু কোথায় পাঠাব? মিয়ানমার তো ওদের নিতে চাইত না। এ কারণেই মিয়ানমারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা জরুরি। এখন তারা প্রথমে ৫ হাজার জনকে নিতে সম্মত হয়েছে।”
তিনি আরও বলেন, মিয়ানমার বাংলাদেশে অবস্থানরত প্রায় ৩ লাখ রোহিঙ্গাকেও ফিরিয়ে নিতে রাজি হয়েছে। তবে প্রত্যাবাসন প্রক্রিয়া কবে শুরু হবে বা কত সময়ের মধ্যে সম্পন্ন হবে, সে বিষয়ে তিনি কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি।
সম্প্রতি মালয়েশিয়ার পেনাং রাজ্যের একটি আবাসন এলাকা ছেড়ে শতাধিক রোহিঙ্গা কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের কার্যালয়ের সামনে জড়ো হওয়ার কয়েক দিন পরই এ ঘোষণা আসে। পরে মালয়েশীয় কর্তৃপক্ষ তাদের কুয়ালালামপুর, সেলানগোর ও পেনাংয়ের বিভিন্ন অস্থায়ী আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করে।
আনোয়ার ইব্রাহিম বলেন, আঞ্চলিক শরণার্থী সংকটের একটি দীর্ঘমেয়াদি সমাধান খুঁজে বের করতে মিয়ানমারের সঙ্গে আলোচনা অব্যাহত রাখবে মালয়েশিয়া।
উল্লেখ্য, রোহিঙ্গা জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে মিয়ানমারে বৈষম্য, নির্যাতন ও নাগরিকত্বহীনতার শিকার। ২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনীর অভিযানের মুখে বিপুলসংখ্যক রোহিঙ্গা দেশ ছেড়ে বাংলাদেশে আশ্রয় নেয়। বর্তমানে বাংলাদেশে ১৩ লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছে। এছাড়া অনেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় পৌঁছেছেন।
BanglaDock