কক্সবাজারে আগামী ১ নভেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ‘কক্সবাজার পর্যটন কার্নিভাল ২০২৬’। চলবে ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত। বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে এবং স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেডের পরিচালনায় হোটেল শৈবালের সমুদ্রসৈকত ও ঝাউবন এলাকায় অনুষ্ঠিত হবে এ আয়োজন।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন ভবনে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থাটির পরিচালক মো. গনী উল আজম। কার্নিভালের বিভিন্ন আয়োজন ও কর্মসূচি সম্পর্কে গণমাধ্যমকর্মীদের অবহিত করা হয়।
সামীমুজ্জামান বলেন, কক্সবাজারের পর্যটন অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করাই এ আয়োজনের লক্ষ্য। সমুদ্র, সূর্যাস্ত ও ঝাউবনের পাশাপাশি খাবার, সংগীত, খেলাধুলা, সংস্কৃতি, সৃজনশীলতা, অ্যাডভেঞ্চার এবং পারিবারিক বিনোদনের নানা আয়োজন থাকবে কার্নিভালে।
তিনি জানান, দেশের প্রধান পর্যটন গন্তব্যকে আরও বৈচিত্র্যময় ও আকর্ষণীয়ভাবে দেশি-বিদেশি পর্যটকদের সামনে তুলে ধরতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে কক্সবাজারকে নতুন ও ব্যতিক্রমীভাবে উপস্থাপনের মাধ্যমে বিদেশি পর্যটকের সংখ্যা বাড়ানোর লক্ষ্য রয়েছে।
তিন মাসব্যাপী এ আয়োজনের মাধ্যমে পর্যটকেরা দিন ও রাতে বিভিন্ন ক্রীড়া ও বিনোদনমূলক কার্যক্রমে অংশ নিতে পারবেন বলে আশা প্রকাশ করেন পর্যটন করপোরেশনের চেয়ারম্যান। একই সঙ্গে স্থানীয় কর্মসংস্থান সৃষ্টি এবং আর্থসামাজিক অবস্থার উন্নয়নেও এ আয়োজন ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি।
কক্সবাজারকে প্রাণবন্ত, বৈচিত্র্যময়, নিরাপদ, টেকসই ও আন্তর্জাতিক মানের পর্যটন গন্তব্য হিসেবে নতুনভাবে তুলে ধরতে এ কার্নিভাল আয়োজন করা হচ্ছে বলেও জানান তিনি।
ব্রিফিংয়ে কার্নিভাল বাস্তবায়নকারী প্রতিষ্ঠান স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুল আরেফিন পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে আয়োজনের রূপরেখা তুলে ধরেন। অনুষ্ঠানে পর্যটন করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্পেলবাউন্ড কমিউনিকসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
BanglaDock