`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

ছয় মাসে পুলিশের মনোবল ফিরেছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পূর্ণ শক্তিতে কাজ চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 26, 2026 ইং
ছয় মাসে পুলিশের মনোবল ফিরেছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পূর্ণ শক্তিতে কাজ চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

সরকার দায়িত্ব নেওয়ার পর গত ছয় মাসে পুলিশের মনোবল অনেকটাই ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশসহ সব শৃঙ্খলা বাহিনী পূর্ণ শক্তি দিয়ে কাজ করছে।


বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সরকার দায়িত্ব নেওয়ার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং শৃঙ্খলা বাহিনীর কর্মপরিবেশ ছিল অত্যন্ত নাজুক। জনগণের প্রত্যাশা, আইনের শাসন এবং দেশের নিরাপত্তা—সবকিছুকে সামনে রেখে পরিস্থিতি মোকাবিলা করতে হয়েছে।


তিনি বলেন, শৃঙ্খলা বাহিনীর আধুনিকায়ন, সদস্যদের মনোবল বৃদ্ধি এবং জনগণের সেবক হিসেবে কাজ করার মানসিকতা তৈরির উদ্যোগ একসঙ্গে নেওয়া হয়েছে। গত ছয় মাসে পুলিশের অবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে এবং তারা অপরাধ দমনে আরও সক্রিয়ভাবে কাজ করছে।


রংপুরে সাম্প্রতিক চার খুনের প্রসঙ্গ তুলে সালাহউদ্দিন আহমেদ বলেন, ওই ঘটনায়ও অপরাধ সংঘটনের পর দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হয়েছে। জাতীয়ভাবে আলোচিত কিংবা অনালোচিত প্রতিটি অপরাধের ক্ষেত্রেই আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অল্প সময়ের মধ্যে এর চেয়ে বেশি পরিবর্তন প্রত্যাশা করা ঠিক হবে না। তবে ভবিষ্যতে বাংলাদেশ পুলিশকে জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি জনবান্ধব বাহিনীতে পরিণত করা হবে।


তিনি আরও জানান, অন্যান্য শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রেও আইনি কাঠামো সংস্কারের কাজ চলছে। তাদের জবাবদিহিতা ও অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করার পাশাপাশি ভালো কাজের জন্য পুরস্কার, অ্যাওয়ার্ড ও সনদ দেওয়ার ব্যবস্থা রাখা হচ্ছে। অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।


সালাহউদ্দিন আহমেদ বলেন, রাতারাতি বড় ধরনের পরিবর্তন সম্ভব নয়। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও নির্দেশনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন পর্যায়ে নেওয়া হবে, যাতে জনগণের প্রত্যাশা পূরণ হয় এবং আইনশৃঙ্খলা বাহিনী সত্যিকার অর্থে জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত হয়।


আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার জনগণের পাশে রয়েছে।


ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ শান্তি, ক্ষমা, ধৈর্য, সাম্য, সহনশীলতা ও ন্যায়বিচারের শিক্ষা দেয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত করার মাধ্যমে তাঁর আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
উখিয়ায় ভ্যানিটি ব্যাগে ১০ হাজার ইয়াবা, নারী আটক

উখিয়ায় ভ্যানিটি ব্যাগে ১০ হাজার ইয়াবা, নারী আটক