`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 16, 2026 ইং
পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

অপরাধের ধরন পরিবর্তনের সঙ্গে সঙ্গে আইনও পরিবর্তন করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, পুরোনো আইন দিয়ে নতুন ধরনের অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না।


বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


অনলাইন ও সাইবার স্পেসে জুয়ার বিস্তারের উদাহরণ তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সময়ের চাহিদা অনুযায়ী নতুন আইন প্রণয়ন এবং বিদ্যমান আইন সংশোধন করা প্রয়োজন।


তিনি বলেন, শুধু অপরাধ সংঘটনের পর অপরাধীকে গ্রেপ্তার, বিচার ও শাস্তি দিলেই অপরাধ পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। অপরাধের পেছনের মূল কারণ চিহ্নিত করে তা মোকাবিলা করতে হবে। অনেক গুরুতর অপরাধের সঙ্গে মাদকাসক্তি ও জুয়ার সংশ্লিষ্টতা পাওয়া যায় বলেও জানান তিনি।


অ্যাসিড অপরাধ নিয়ন্ত্রণের উদাহরণ তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সরকারের সময় অ্যাসিড নিক্ষেপ প্রতিরোধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হয়েছিল। কঠোর আইন, গণমাধ্যমের ভূমিকা এবং সামাজিক সচেতনতার সম্মিলিত প্রয়াসে দেশে অ্যাসিড-সংক্রান্ত অপরাধ অনেকটাই কমেছে। একইভাবে মাদক, অনলাইন জুয়া ও অন্যান্য অপরাধ মোকাবিলায় সাংবাদিক, রাষ্ট্র ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।


ক্রাইম রিপোর্টিংয়ের ঝুঁকির বিষয়টি তুলে ধরে তিনি বলেন, এ ধরনের সাংবাদিকতা অনেকাংশে অনুসন্ধানী সাংবাদিকতার অংশ। অপরাধের ধরন পরিবর্তনের সঙ্গে সঙ্গে সাংবাদিকদের প্রযুক্তি ও নতুন ধরনের অপরাধ সম্পর্কে দক্ষতা বাড়াতে হবে।


স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ডিজিটাল ও সাইবার স্পেসে অপরাধের বিস্তার বাড়ায় ইলেকট্রনিক ডিভাইসের ফরেনসিক পরীক্ষা ও তথ্য বিশ্লেষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পুলিশের সক্ষমতা বাড়াতে শিগগিরই আধুনিক সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে।


পুলিশ সদর দপ্তর, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও বিভাগীয় পর্যায়ে আধুনিক সাইবার সিকিউরিটি ইউনিট ও ল্যাব স্থাপনের পরিকল্পনা রয়েছে জানিয়ে তিনি বলেন, জেলা পর্যায়েও সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের উদ্যোগ নেওয়া হবে। থানা ও উপজেলা পর্যায়েও এ বিষয়ে দায়িত্বশীল কর্মকর্তা রাখার পরিকল্পনা রয়েছে।


ক্র্যাবের ভূমিকা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ৩১৮ জন পেশাদার সদস্য নিয়ে ৪৩ বছরের যাত্রায় সংগঠনটি অনুসন্ধানী সাংবাদিকতায় অবস্থান তৈরি করেছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় তথ্য ও পরামর্শ দেওয়ার ক্ষেত্রে ক্র্যাবের মতো সংগঠনের প্রয়োজন রয়েছে।


তিনি আরও বলেন, ক্রাইম রিপোর্টাররা কাজ করতে গিয়ে ঝুঁকির মুখে পড়লে সরকারি বা করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) মাধ্যমে তাদের সহায়তার কোনো ব্যবস্থা করা যায় কি না, তা সরকারিভাবে চেষ্টা করা হবে। ঝুঁকিপূর্ণ কাজ ও অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা পুলিশ বিভাগের পক্ষ থেকে সনদ দেওয়ার সুযোগ আছে কি না, সেটিও যাচাই করে দেখা হবে।


সাংবাদিকদের দায়িত্বের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধ কমাতে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা তৈরিতেও গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আইন প্রণয়ন, আইন প্রয়োগ, বিচারব্যবস্থা ও সাংবাদিকতার সমন্বিত ভূমিকার মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব।


অনুষ্ঠানে ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদী তমালের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ, ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) মো. রাশেদ খান, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্র্যাবের সাধারণ সম্পাদক এম এম বাদশাহ।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্

মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্