স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে মানুষের যেকোনো দুর্যোগ ও বিপদ-আপদে পাশে থাকা সরকারের দায়িত্ব ও অঙ্গীকার। সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা।
শনিবার (১৮ জুলাই) সকালে কক্সবাজারের পেকুয়া উপজেলা মাঠে শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের জন্য ১০০টি ঘর নির্মাণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু ক্ষতিগ্রস্ত পরিবারের আবাসন নয়, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্যচাষি ও গবাদিপশুপালকদের জন্যও সরকার সহায়তা কর্মসূচি গ্রহণ করেছে। যাদের বীজতলা, চারা কিংবা কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সার, বীজসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ সরবরাহ করা হবে। এছাড়া মৎস্য ও প্রাণিসম্পদ খাতের ক্ষয়ক্ষতির জরিপ করে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
তিনি আরও বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত স্কুল, কলেজ, মাদরাসা, সড়কসহ বিভিন্ন অবকাঠামো দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। সরকার সবসময় জনগণের পাশে থাকবে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে কাজ করবে।
সাম্প্রতিক ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার পরিস্থিতি পরিদর্শন এবং দুর্গত মানুষের মাঝে ত্রাণ সহায়তা কার্যক্রমে অংশ নিতে স্বরাষ্ট্রমন্ত্রী দুই দিনের সরকারি সফরে কক্সবাজার যান।
সফর শেষে শনিবার সন্ধ্যায় কক্সবাজার থেকে বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে তার।
BanglaDock