অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এনবিআরের কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে গ্রামীণ কল্যাণের করা রিটের পরিপ্রেক্ষিতে জারি করা রুল খারিজ করে দেন আদালত।
এনবিআরের ওই কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে ২০১৭ সালে হাইকোর্টে রিট আবেদন করেছিল গ্রামীণ কল্যাণ। প্রাথমিক শুনানি শেষে আদালত রুল জারি করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর বৃহস্পতিবার সেই রুলের ওপর রায় দেন হাইকোর্টের নতুন বেঞ্চ।
এর আগে ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে তার পক্ষে গ্রামীণ কল্যাণের কর-সংক্রান্ত মামলাটি প্রত্যাহার করা হয়েছে—এমন খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। তবে গত ১৪ জুলাই প্রতিষ্ঠানটির আইনজীবী আবদুল্লাহ আল মামুন কর মওকুফ এবং মামলা প্রত্যাহারের খবরকে ‘ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ বলে দাবি করেছিলেন।
হাইকোর্টের বৃহস্পতিবারের রায়ের ফলে এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের বাধ্যবাধকতা তৈরি হলো গ্রামীণ কল্যাণের ওপর।
BanglaDock