রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা ফ্লাই দুবাইয়ের একটি উড়োজাহাজ থেকে ২০ কোটি টাকা মূল্যের ৮০টি স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। বুধবার রাতে উড়োজাহাজটির একটি সিটের নিচ থেকে কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় এসব স্বর্ণ উদ্ধার করা হয়। ঢাকা কাস্টমস হাউস ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে স্বর্ণগুলো উদ্ধার করা হয়।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাত ৯টা ২০ মিনিটে ফ্লাই দুবাইয়ের এফজেড-৫২৩ ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে। ওই ফ্লাইটে স্বর্ণ চোরাচালান হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত ৯টা ৩৫ মিনিটে কাস্টমস হাউস, ঢাকার কর্মকর্তা-কর্মচারীরা উড়োজাহাজটিতে বিশেষ তল্লাশি বা রামেজিংয়ের জন্য উপস্থিত হন। এ সময় উড়োজাহাজটি সম্পূর্ণ যাত্রীবিহীন ছিল।
পরে বিভিন্ন গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে তল্লাশি চালিয়ে ১৯এ নম্বর সিটের নিচ থেকে কালো স্কচটেপে মোড়ানো কয়েকটি বস্তু উদ্ধার করা হয়। সেগুলো কাস্টমস হলে এনে সবার উপস্থিতিতে ইনভেন্টরি করা হলে মোড়কের ভেতর ৮০টি স্বর্ণের বার পাওয়া যায়।
উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ৯ হাজার ৩৩১ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য ২০ কোটি টাকা বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।
উদ্ধারকৃত স্বর্ণের বারগুলোর কোনো মালিক পাওয়া যায়নি। শুল্ক-কর ফাঁকি দিয়ে চোরাচালানের উদ্দেশ্যে অত্যন্ত কৌশলে এসব স্বর্ণ দেশে আনা হয়েছিল বলে ধারণা করছে কর্তৃপক্ষ। পরে এগুলো বিমানবন্দর সীমানার বাইরে পাচার হওয়ার আশঙ্কা ছিল।
স্বর্ণের বারগুলো অধিক মূল্যবান হওয়ায় তাৎক্ষণিকভাবে বিমানবন্দর কাস্টমসের মূল্যবান গুদামে জমা করা হয়েছে। অখালাসকৃত বা চোরাচালানের অভিযোগে আটক পণ্য নিষ্পত্তির স্থায়ী আদেশ অনুযায়ী মূল্যবান ধাতু হিসেবে এসব স্বর্ণ বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনায় বৃহস্পতিবার বিমানবন্দর থানায় একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। এনবিআরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশীয় অর্থনীতি রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ঢাকা কাস্টমস হাউস তৎপর রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভবিষ্যতেও এ ধরনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
BanglaDock