`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

‘রাস্তায় হত্যা করো’ গান পোস্টের দুই ঘণ্টার মধ্যেই গুলিতে নিহত গায়ক

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 28, 2026 ইং
‘রাস্তায় হত্যা করো’ গান পোস্টের দুই ঘণ্টার মধ্যেই গুলিতে নিহত গায়ক ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

মৃত্যুর মাত্র দুই ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছিলেন হরিয়ানভি ভাষার গায়ক ও ইউটিউবার অঙ্কিত বালিয়ান। গাড়িতে বসে একটি গান গাইতে দেখা যায় তাঁকে। গানের কথায় ছিল ‘মার্ডার মার দে সড়ক কে ওপর’, যার অর্থ ‘রাস্তায় হত্যা করো’। ভিডিওটি পোস্টের কিছুক্ষণ পরই উত্তর প্রদেশের শামলিতে জিম থেকে বের হওয়ার সময় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন এই গায়ক।


গত বুধবার সন্ধ্যায় শামলি শহরের আর্যপুরী নালা পাটরির কাছে একটি জিম থেকে বের হয়ে নিজের গাড়িতে উঠছিলেন অঙ্কিত বালিয়ান। এ সময় মোটরসাইকেলে আসা কয়েকজন হামলাকারী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, হামলাকারীরা ১৮ থেকে ২০ রাউন্ড গুলি ছোড়ে।


গুলিবিদ্ধ অবস্থায় অঙ্কিতকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বয়স নিয়ে বিভিন্ন প্রতিবেদনে ভিন্ন তথ্য পাওয়া গেলেও হরিয়ানভি সংগীতের পাশাপাশি ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বেশ পরিচিত ছিলেন।


অঙ্কিত বালিয়ানের বেশ কয়েকটি গানে অস্ত্র, সংঘর্ষ ও গ্যাংস্টার সংস্কৃতির উপাদান উঠে এসেছে। ‘ভরি কোর্ট মে গোলি মারেঙ্গে মেরি জান’সহ ৫০টির বেশি গানে কাজ করেছিলেন তিনি।


হত্যাকাণ্ডের আগে প্রকাশিত তাঁর শেষ ইনস্টাগ্রাম ভিডিওটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওতে তিনি যে গানের একটি লাইন গাইছিলেন, তার অর্থ ছিল ‘রাস্তায় হত্যা করো’। ভিডিও প্রকাশের প্রায় দুই ঘণ্টা পরই গুলিতে তাঁর মৃত্যু হওয়ায় ঘটনাটি নিয়ে নানা প্রশ্ন উঠেছে।


তবে ওই ভিডিও বা গানের সঙ্গে হত্যাকাণ্ডের কোনো সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়। পুলিশ হত্যার কারণ অনুসন্ধানে অঙ্কিতের পুরোনো বিরোধ, হুমকি এবং সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রমসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখছে।


প্রাথমিক তদন্তে হামলাটি পরিকল্পিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। হামলাকারীরা আগে থেকেই অঙ্কিতের গতিবিধি সম্পর্কে জানত কি না, তা জানতে জিম ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছে পুলিশ।


অঙ্কিতের পরিবার জানিয়েছে, এর আগে তিনি হুমকি পেয়েছিলেন। প্রায় এক মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে অঙ্কিত অভিযোগ করেছিলেন, হরিয়ানার কয়েকজন ব্যক্তি তাঁর কাছে চাঁদা দাবি করেছিলেন এবং তিনি তা দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। ওই ঘটনার সঙ্গে হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র রয়েছে কি না, তাও তদন্ত করছে পুলিশ।


হত্যার পর অঙ্কিতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেন এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ করেন। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পেছনে এখনো নির্দিষ্ট কোনো কারণ চূড়ান্ত করা হয়নি। পুরোনো বিরোধ, হুমকি, অর্থসংক্রান্ত বিষয় কিংবা অন্য কোনো কারণ—সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ