দুর্গাপূজায় বড় পর্দায় আসছে দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের নতুন সিনেমা ‘দেশু ৭’। দীর্ঘ অপেক্ষার পর ফের এই জনপ্রিয় জুটিকে একসঙ্গে দেখতে মুখিয়ে আছেন দর্শকরা। এরই মধ্যে শুরু হয়েছে ছবির প্রচার। আর প্রচারের মঞ্চে দেব-শুভশ্রীর রসায়নের একটি মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ায় নতুন করে আলোচনা শুরু হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সিনেমার প্রচারে ত্রিপুরার আগরতলায় যান দেব ও শুভশ্রী। বিমানবন্দরে তাদের স্বাগত জানাতে ভিড় করেন অসংখ্য ভক্ত। পরে আগরতলার চিলড্রেনস পার্কে ‘দেশু ৭’-এর বিশেষ প্রচার ও লাইভ অনুষ্ঠানে অংশ নেন তারা।
অনুষ্ঠানে ত্রিপুরা ও বাংলাদেশের পাহাড়ি অঞ্চলের ককবরক ভাষায় কথা বলে দর্শকদের মন জয় করেন শুভশ্রী। তবে সবচেয়ে বেশি নজর কাড়ে দেব-শুভশ্রীর যৌথ পারফরম্যান্স। সিনেমার জনপ্রিয় গান ‘তোর শুধু তোর’-এ একসঙ্গে নাচ করেন তারা। পারফরম্যান্সের একপর্যায়ে দেব শুভশ্রীর কপালে চুমু দেন। মুহূর্তটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় নানা আলোচনা।
ভিডিওটি নিয়ে নেটিজেনদের কেউ কেউ তাদের পুরনো জুটির স্মৃতি টেনে মন্তব্য করেছেন। আবার কেউ তাদের রসায়ন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তটি নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
এর আগে দেব জানিয়েছিলেন, তাকে ও শুভশ্রীকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমের নানা মন্তব্যের কারণে প্রাক্তনের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলতেও অস্বস্তি হয়। দুজনেই সম্পর্কের সমীকরণ স্বাভাবিক রাখার চেষ্টা করলেও আশপাশের মানুষের মন্তব্য পরিস্থিতিকে জটিল করে তুলছে বলেও জানিয়েছিলেন তিনি।
২০২৫ সালে মুক্তি পাওয়া ‘ধূমকেতু’ সিনেমার মাধ্যমে আবারও আলোচনায় আসে দেব-শুভশ্রীর জুটি। সেই ধারাবাহিকতায় ২০২৬ সালের দুর্গাপূজায় নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন তারা। গত ডিসেম্বরে ছবিটির ঘোষণা দেওয়া হয়।
দেব-শুভশ্রীর জুটির সপ্তম সিনেমা হিসেবে শুরুতে ছবিটির নাম দেওয়া হয় ‘দেশু ৭’। পরে সেটিই চূড়ান্ত নাম হিসেবে রাখা হয়। সিনেমাটিতে দেব-শুভশ্রী ছাড়াও অভিনয় করছেন অনির্বাণ ভট্টাচার্য, রজতাভ দত্ত, অপরাজিতা আঢ্য, প্রিয়াঙ্কা সরকার, কাঞ্চন মল্লিক ও লোকনাথ দেসহ আরও অনেকে।
BanglaDock