শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কক্সবাজার ও বান্দরবান জেলার ৩৫৭টি পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)। এর মধ্যে কক্সবাজারে ৩২৪টি এবং বান্দরবানে ৩৩টি পূজামণ্ডপ রয়েছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতা মোকাবিলায় প্রস্তুত থাকার কথা জানিয়েছে ব্যাটালিয়নটি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এসআরবি-১৫-এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ পূজামণ্ডপসহ সব মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি মোবাইল ও স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে এসআরবি-১৫।
নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল, মোটরসাইকেল পেট্রোল এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি চালানো হবে। পাশাপাশি প্রস্তুত রাখা হবে বিশেষ স্ট্রাইকিং ফোর্স। পূজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো ঠেকাতে অনলাইন মনিটরিং সেল সক্রিয় থাকবে। পূজামণ্ডপে নারী দর্শনার্থীদের ইভটিজিং ও হয়রানি প্রতিরোধেও নেওয়া হয়েছে বিশেষ পদক্ষেপ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পূজামণ্ডপে দায়িত্ব পালনকারী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় করা হচ্ছে। এসআরবি-১৫ ব্যাটালিয়ন সদরে স্থাপিত নিয়ন্ত্রণকক্ষ থেকে ২৪ ঘণ্টা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।
এখন পর্যন্ত নাশকতার কোনো তথ্য বা আশঙ্কা পাওয়া যায়নি বলে জানিয়েছে ব্যাটালিয়নটি। তবে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গোয়েন্দা নজরদারি ও প্রস্তুতি অব্যাহত থাকবে। কোনো সন্দেহজনক ঘটনা বা পরিস্থিতি দেখা দিলে দ্রুত এসআরবি-১৫-কে জানানোর আহ্বান জানানো হয়েছে।
BanglaDock