কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মো. শান্ত (১২) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় পানিতে তলিয়ে যাওয়া আরও ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান ইনানী ট্যুরিস্ট পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাজী আতিউর রহমান। নিহত শান্ত ঢাকার খিলগাঁওয়ের গোরান এলাকার বাসিন্দা। তার বাবার নাম মোজাম্মেল হোসেন।
কাজী আতিউর রহমান জানান, ঢাকার তেজগাঁওয়ের দারুল আরকাম মাদ্রাসা ও ধানমণ্ডির ফয়জুল উলুম মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ ১৬ জনের একটি দল বুধবার কক্সবাজারে বেড়াতে আসে। বৃহস্পতিবার সকালে তারা ইনানী সৈকতে গোসল করতে নামলে সাগরের ঢেউয়ের তোড়ে ভেসে যেতে থাকে।
খবর পেয়ে বিচকর্মী, ট্যুরিস্ট পুলিশ ও স্থানীয় লোকজন দুটি মাছ ধরার ট্রলার নিয়ে উদ্ধার অভিযান চালান। এতে ১৫ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও শান্তকে বাঁচানো যায়নি।
পর্যটকদের নিরাপত্তার দায়িত্বে থাকা জেলা প্রশাসনের বিচকর্মীদের সুপারভাইজার মাহবুবুর রহমান জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে শান্তর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ।
BanglaDock