`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক জয়ের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 2, 2026 ইং
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক জয়ের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

মাদকবিরোধী সংবাদ প্রকাশ ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে কক্সবাজারে সাংবাদিক জয়ের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। হামলায় গুরুতর আহত সাংবাদিক জয় বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটের দিকে কক্সবাজার শহরের সীকুইন মার্কেটের সামনে এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।


ভুক্তভোগীর পরিবার ও সংশ্লিষ্টদের অভিযোগ, আতিক নামের এক যুবকের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি সাংবাদিক জয়ের ওপর হামলা চালান। পরিবারের দাবি, ইয়াবাবিরোধী সংবাদ প্রকাশ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি স্ট্যাটাসকে কেন্দ্র করেই জয়ের ওপর হামলা করা হয়।


প্রাথমিকভাবে জানা যায়, গত দুই দিন ধরে সাংবাদিক জয়কে তার দেওয়া একটি স্ট্যাটাস মুছে ফেলার জন্য চাপ দিয়ে আসছিলেন আতিক। কিন্তু জয় স্ট্যাটাসটি মুছে না ফেলায় মঙ্গলবার রাতে তাকে অফিস থেকে ডেকে নিয়ে সীকুইন মার্কেটের সামনে হামলা করা হয় বলে অভিযোগ পরিবারের।


হামলায় সাংবাদিক জয় গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।


সাংবাদিক জয় অভিযোগ করে বলেন, মাদকবিরোধী সংবাদ প্রকাশ ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া স্ট্যাটাসকে কেন্দ্র করে গত দুই-তিন দিন ধরে আতিক তাকে বিভিন্নভাবে চাপ দিয়ে আসছিলেন। একপর্যায়ে মুঠোফোনে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ সংক্রান্ত একটি অডিও রেকর্ড ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলেও জানান তিনি।


জয় আরও বলেন, সর্বশেষ বৈঠকের কথা বলে আতিক তাকে শহরের সীকুইন মার্কেটের সামনে ডেকে নেন। সেখানে পূর্বপরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়। এ সময় তার চোখে থাকা চশমা আছাড় দিয়ে ভেঙে ফেলা এবং হাতে থাকা মোবাইল ফোন কেড়ে নিয়ে মাটিতে আছাড় দিয়ে ক্ষতিগ্রস্ত করার অভিযোগ করেন তিনি।


তার অভিযোগ, আতিকের সঙ্গে আরও কয়েকজন যুবক ছিলেন, যাদের তিনি চিনতে পারেননি। তারাও শরীরের বিভিন্ন স্থানে সজোরে আঘাত করেন। একপর্যায়ে কয়েকজন সহকর্মী ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান।


জয় জানান, এ ঘটনায় নিজের নিরাপত্তা ও বিচার চেয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি এজাহার দায়ের করেছেন।


এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার ও তার সহকর্মীরা।


এদিকে, সাংবাদিক জয়ের ওপর হামলার ঘটনায় কক্সবাজার গ্র্যাজুয়েট প্রেস ক্লাব লিখিত প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে।


মাদকবিরোধী সংবাদ প্রকাশের জেরে একজন সাংবাদিকের ওপর প্রকাশ্যে হামলার অভিযোগ ওঠায় স্থানীয় সাংবাদিকদের মধ্যেও উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলাকারীদের আইনের আওতায় আনা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।


সাংবাদিক জয় স্থানীয় দৈনিক আজকের দেশবিদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার এবং জাতীয় দৈনিক চিত্রের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
রাজপথ থেকে বঙ্গভবনে মির্জা ফখরুল, পেলেন ২৫৫ ভোট

রাজপথ থেকে বঙ্গভবনে মির্জা ফখরুল, পেলেন ২৫৫ ভোট