`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

সালমান শাহর মৃত্যুর ৩০ বছর আজ, এখনো কাটেনি রহস্যের জট

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 6, 2026 ইং
সালমান শাহর মৃত্যুর ৩০ বছর আজ, এখনো কাটেনি রহস্যের জট ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

নব্বই দশকের ঢালিউডের জনপ্রিয় নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৪ বছর বয়সে অকালে মারা যান তিনি। মৃত্যুর তিন দশক পরও তার মৃত্যু নিয়ে রহস্য ও বিতর্ক কাটেনি।


রাজধানীর নিউ ইস্কাটন রোডের ইস্কাটন প্লাজার নিজ ফ্ল্যাটে সিলিংফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহকে পাওয়া যায় বলে তার স্ত্রী সামিরা হক জানিয়েছিলেন। পরে তাকে হলি ফ্যামিলি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার ময়নাতদন্ত হয়।


তবে মৃত্যুর পর থেকেই সালমান শাহর পরিবার দাবি করে আসছে, এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা। এ ঘটনায় রমনা থানা পুলিশ অপমৃত্যুর মামলা করে তদন্ত শুরু করে। পরে পুলিশ, সিআইডি ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনাটি তদন্ত করে।


২০২০ সালে পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনে বলা হয়, সালমান শাহকে হত্যা করা হয়নি; তিনি আত্মহত্যা করেছেন। প্রায় ৬০০ পৃষ্ঠার ওই প্রতিবেদনে আত্মহত্যার পেছনে পাঁচটি কারণও উল্লেখ করা হয়। তবে প্রতিবেদনটি প্রত্যাখ্যান করে আদালতে নারাজি আবেদন করেন সালমান শাহর মা নীলা চৌধুরী।


সালমান শাহর সঙ্গে অভিনেত্রী শাবনূরের সম্পর্ক নিয়েও দীর্ঘদিন ধরে নানা গুঞ্জন রয়েছে। পিবিআইয়ের তদন্তে তাদের সম্পর্ক এবং তা ঘিরে পারিবারিক বিরোধের বিষয়টি আলোচনায় আসে। তবে শাবনূর কখনো সালমান শাহর অপমৃত্যু বা হত্যা মামলার আসামি ছিলেন না।


সালমান শাহ মৃত্যুর আগে এক সংবাদ সম্মেলনে শাবনূরের সঙ্গে তার বিয়ের গুঞ্জন অস্বীকার করেছিলেন। তিনি শাবনূরকে ছোট বোনের মতো দেখেন বলেও জানিয়েছিলেন। পরবর্তী সময়ে শাবনূরও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রত্যাখ্যান করেন।


২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন প্রকাশের পর অস্ট্রেলিয়া থেকে দেওয়া এক সাক্ষাৎকারে শাবনূর বলেন, সালমান শাহ আত্মহত্যা করলেও তার জন্য তিনি কেন দায়ী হবেন। তিনি সালমানকে ভালো সহশিল্পী হিসেবে উল্লেখ করে তাদের সম্পর্ক নিয়ে ছড়িয়ে পড়া অভিযোগকে ভিত্তিহীন দাবি করেন।


এদিকে সালমান শাহর মামা আলমগীর কুমকুম বিভিন্ন সময়ে শাবনূরের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন। সালমানের মৃত্যুর পর তার জানাজায় শাবনূরের অংশ না নেওয়া কিংবা সিলেটে গিয়ে পরিবারের সঙ্গে দেখা না করাকে তিনি কষ্ট ও প্রশ্নের বিষয় হিসেবে উল্লেখ করেছেন।


দীর্ঘ আইনি লড়াইয়ের পর সর্বশেষ ২০২৫ সালের ২১ অক্টোবর আদালতের নির্দেশে রমনা থানায় সালমান শাহর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করা হয়। মামলায় তার স্ত্রী সামিরা হকসহ ১১ জনকে আসামি করা হয়েছে।


মামলার অন্য আসামিরা হলেন ব্যবসায়ী ও চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, সামিরার মা লতিফা হক লুসি, অভিনেতা আশরাফুল হক ডন, ডেভিড, জাভেদ, ফারুক, মে-ফেয়ার বিউটি সেন্টারের মালিক রুবী, আব্দুস ছাত্তার, সাজু এবং রেজভি আহমেদ ওরফে ফরহাদ।


জনপ্রিয়তার শীর্ষে থাকা অবস্থায় সালমান শাহর মৃত্যু বাংলা চলচ্চিত্রে গভীর শূন্যতা তৈরি করে। তার অভিনীত সিনেমা, স্টাইল ও পর্দার উপস্থিতি এখনো দর্শকদের কাছে সমানভাবে স্মরণীয়। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে চূড়ান্ত আইনি নিষ্পত্তির অপেক্ষা এখনো শেষ হয়নি।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর