যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে অতিক্রম করে অ্যামাজন প্রাইম এয়ারের একটি পণ্যবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত পাঁচজন নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সময় রোববার দুপুর ২টার কিছু আগে প্রাইম এয়ারের ফ্লাইট ৭৫৯৮ রানওয়ে অতিক্রম করে মাটিতে থাকা একাধিক যানবাহনে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর বিমানটির ভেতরে পাইলট ও কো-পাইলট এবং দুটি যানবাহনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে ৬০টির বেশি উদ্ধারকারী ইউনিট ও প্রায় ২০০ কর্মী কাজ করেন।
ফ্লাইট ট্র্যাকিং সার্ভিস ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, বিমানটি পুয়ের্তো রিকোর সান হুয়ান থেকে মায়ামির উদ্দেশে এসেছিল। রানওয়ে ছাড়ার সময় বিমানটির গতি ছিল ঘণ্টায় প্রায় ২০৭ কিলোমিটার বা ১১২ নট।
বিমানটি ছিল ৩২ বছর পুরোনো বোয়িং ৭৬৭-৩০০ ফ্রেটার। অ্যামাজনের পক্ষ হয়ে বিমানটি পরিচালনা করছিল কার্গো এয়ারলাইন ২১ এয়ার। দুর্ঘটনায় শোক প্রকাশ করে অ্যামাজন ও ২১ এয়ার স্থানীয় কর্তৃপক্ষ ও তদন্তকারীদের সঙ্গে সহযোগিতার কথা জানিয়েছে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) তদন্ত শুরু করেছে। সংস্থাটির চেয়ার জেনিফার হোমেনডির নেতৃত্বে একটি তদন্তকারী দল ঘটনাস্থলে কাজ করছে। বিমান নির্মাতা বোয়িং এবং ২১ এয়ারও তদন্তে সহযোগিতা করার কথা জানিয়েছে।
এর আগে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে অ্যামাজন প্রাইম এয়ারের হয়ে পরিচালিত একটি বোয়িং ৭৬৭-৩০০ পণ্যবাহী বিমান টেক্সাসের ট্রিনিটি বে-তে বিধ্বস্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছিল।
BanglaDock