ফুটবল বিশ্বকাপের ইতিহাসে অন্যতম তীব্র প্রতিদ্বন্দ্বিতার নাম আর্জেন্টিনা ও ইংল্যান্ড। সেই দীর্ঘ ইতিহাসে এবার যুক্ত হতে যাচ্ছে আরেকটি অধ্যায়। ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে বুধবার (বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত ১টা) যুক্তরাষ্ট্রের আটলান্টায় মুখোমুখি হবে দুই দল।
বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ২০২২ সালে লিওনেল মেসির নেতৃত্বে ৩৬ বছরের শিরোপা-খরা কাটিয়ে বিশ্বকাপ জিতেছিল। অন্যদিকে, ১৯৬৬ সালের পর আর বিশ্বকাপ জেতেনি ইংল্যান্ড। তাই ফাইনালে ওঠার পাশাপাশি দীর্ঘদিনের স্বপ্ন বাঁচিয়ে রাখার লক্ষ্য নিয়েই মাঠে নামবে থমাস টুখেলের দল।
বিশ্বকাপে এটি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের ষষ্ঠ মুখোমুখি লড়াই। প্রথম সাক্ষাৎ হয়েছিল ১৯৬২ সালের গ্রুপ পর্বে, যেখানে ৩-১ ব্যবধানে জয় পেয়েছিল ইংল্যান্ড।
দুই দলের বৈরিতার সূচনা হয় ১৯৬৬ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে। সেই ম্যাচে আর্জেন্টিনার অধিনায়ক আন্তোনিও র্যাটিনের বিতর্কিত লাল কার্ড ফুটবল ইতিহাসে আলোচিত ঘটনা হয়ে আছে। ওই ঘটনার পর ফুটবলে লাল ও হলুদ কার্ড চালুর প্রয়োজনীয়তা আরও জোরালোভাবে সামনে আসে এবং ১৯৭০ বিশ্বকাপ থেকে তা আনুষ্ঠানিকভাবে চালু হয়।
তবে দুই দলের সবচেয়ে স্মরণীয় লড়াই ১৯৮৬ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল। ফকল্যান্ড যুদ্ধের চার বছর পর অনুষ্ঠিত সেই ম্যাচে ডিয়েগো ম্যারাডোনা প্রথমে বিতর্কিত ‘হ্যান্ড অব গড’ গোল করেন। পরে পাঁচজন ডিফেন্ডারকে কাটিয়ে করেন বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা গোল, যা ‘গোল অব দ্য সেঞ্চুরি’ নামে পরিচিত। ২-১ ব্যবধানে জিতে শেষ পর্যন্ত বিশ্বকাপও জিতে নেয় আর্জেন্টিনা।
১৯৯৮ সালের বিশ্বকাপে আবারও নাটকীয় লড়াই হয় দুই দলের। শেষ ষোলোর সেই ম্যাচে ডেভিড বেকহাম লাল কার্ড দেখেন। নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে ২-২ সমতায় থাকা ম্যাচ টাইব্রেকারে জিতে কোয়ার্টার ফাইনালে ওঠে আর্জেন্টিনা।
সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত দুই দল ১৪ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ইংল্যান্ড জিতেছে ৬টি, আর্জেন্টিনা ৩টি এবং ৫টি ম্যাচ ড্র হয়েছে। বিশ্বকাপে পাঁচ দেখায় ইংল্যান্ডের জয় ৩টি, আর আর্জেন্টিনা জিতেছে ২টি।
ফাইনালে জায়গা করে নেওয়ার লড়াইয়ে এবারও ইতিহাস, আবেগ ও দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতাকে সঙ্গী করেই মাঠে নামছে ফুটবল বিশ্বের দুই পরাশক্তি।
BanglaDock