কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ছবি ও ভিডিওর ভিড়ে কোনটি আসল আর কোনটি সম্পাদিত, তা শনাক্ত করা দিন দিন কঠিন হয়ে উঠছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর কনটেন্ট রোধে এবার ‘এআই কনটেন্ট লেবেল’ নামে নতুন একটি ফিচার নিয়ে কাজ করছে জনপ্রিয় বার্তা আদান-প্রদানের প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ।
প্রযুক্তিবিষয়ক বিভিন্ন সূত্রের তথ্যানুযায়ী, বর্তমানে আইফোন ব্যবহারকারীদের জন্য ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। আইওএসের ‘২৬.৩৪.১০.৭০’ বেটা সংস্করণে নির্বাচিত টেস্টফ্লাইট ব্যবহারকারীরা এ সুবিধা পাচ্ছেন।
নতুন ফিচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ চ্যানেলের অ্যাডমিনরা কোনো ছবি, ভিডিও বা অন্যান্য মিডিয়া ফাইল এআই দিয়ে তৈরি বা পরিবর্তন করা হলে তাতে বিশেষ লেবেল যুক্ত করতে পারবেন।
ফিচারটি যেভাবে কাজ করবে
হোয়াটসঅ্যাপ চ্যানেলের কোনো পোস্টে থাকা কনটেন্ট এআই দিয়ে তৈরি হলে চ্যানেল আপডেটের মেনু থেকে ‘এআই কনটেন্ট লেবেল’ অপশন নির্বাচন করতে হবে। অ্যাডমিন বিষয়টি নিশ্চিত করার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট মিডিয়া ফাইলের ওপর লেবেলটি দৃশ্যমান হবে। এতে সাধারণ দর্শকেরা সহজেই বুঝতে পারবেন, কনটেন্টটি এআই প্রযুক্তির সাহায্যে তৈরি বা পরিবর্তন করা হয়েছে।
তবে একবার কোনো কনটেন্টে এই লেবেল যুক্ত করা হলে পরে তা পরিবর্তন বা সরানোর সুযোগ থাকবে না। তাই লেবেল যুক্ত করার আগে অ্যাডমিনদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রযুক্তির দ্রুত অগ্রগতির কারণে কৃত্রিমভাবে তৈরি ছবি ও ভিডিওর প্রভাব বাড়ছে। এ অবস্থায় তথ্য বিকৃতি রোধ ও স্বচ্ছতা বজায় রাখতে ফিচারটি কার্যকর ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা। বিশেষ করে সংবাদ ও তথ্যভিত্তিক ছবি-ভিডিও প্রকাশ করা চ্যানেলগুলোতে পাঠকদের সঠিক তথ্য বুঝতে এ লেবেল সহায়ক হবে।
ফিচারটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। ফলে সব আইফোন বা অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর কাছে এটি পৌঁছায়নি। চূড়ান্ত পরীক্ষা-নিরীক্ষা শেষে ধাপে ধাপে বিশ্বজুড়ে ব্যবহারকারীদের জন্য ফিচারটি উন্মুক্ত করা হতে পারে।
BanglaDock