কক্সবাজারের উখিয়ায় অপহরণের প্রায় এক মাস পর দুই মাদ্রাসাছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) রাতে তাদের উদ্ধার করা হয় এবং পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
উদ্ধার হওয়া দুই শিক্ষার্থী হলো থাইংখালী এলাকার বাসিন্দা শাহ আলমের ছেলে শফিকুল (১৩) ও শহিদুল (১১)। পুলিশ জানায়, গত ১০ জুলাই সকাল সাড়ে ৯টার দিকে নিজ বাড়ি থেকে দুই ভাই অপহৃত হয়। এরপর থেকেই তাদের উদ্ধারে পুলিশ অভিযান ও অনুসন্ধান চালিয়ে আসছিল।
দীর্ঘ প্রায় এক মাসের প্রচেষ্টার পর মঙ্গলবার রাত ১০টার দিকে কোনো মুক্তিপণ ছাড়াই দুই শিক্ষার্থীকে উদ্ধার করা সম্ভব হয়। তাদের নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
দুই সন্তানকে ফিরে পেয়ে পরিবারে স্বস্তি ফিরে এসেছে। পুলিশ জানিয়েছে, অপহরণের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
বালুখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আজাদ বলেন, অপহৃত দুই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, কোনো মুক্তিপণ ছাড়াই দুই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
BanglaDock