কক্সবাজারে অভিযান চালিয়ে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫। শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে কক্সবাজার সদর উপজেলার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতার হওয়া আসামির নাম মোহাম্মদ আলম ওরফে মাতালম (৪২)। তিনি কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা এলাকার বাসিন্দা এবং চট্টগ্রামের কর্ণফুলী থানার একটি মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, কর্ণফুলী থানা এলাকায় বিপুল পরিমাণ ইয়াবা বহনের অভিযোগে দায়ের হওয়া মামলার বিচার শেষে আদালত তার বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ড দেন এবং গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এরপর থেকে তিনি দীর্ঘদিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিলেন।
র্যাব-১৫ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেফতার ও অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
BanglaDock