বলিউড তারকা ইমরান হাশমির নতুন ছবি ‘আওয়ারাপন ২’ আজ ১৪ আগস্ট মুক্তি পেয়েছে। ছবিটি ঘিরে দর্শকদের আগ্রহের পাশাপাশি অভিনয়শিল্পীদের পারিশ্রমিক নিয়েও শুরু হয়েছে ব্যাপক আলোচনা। বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, ২০০৭ সালের ‘আওয়ারাপন’-এর তুলনায় এবার প্রায় ১০ গুণ বেশি পারিশ্রমিক নিয়েছেন ইমরান হাশমি।
‘আওয়ারাপন ২’-এ ১৯ বছর পর আবারও শিবম পণ্ডিত চরিত্রে ফিরেছেন ইমরান। ছবির ট্রেলার প্রকাশের পর থেকেই তাঁর পুরোনো চরিত্রে ফেরা ভক্তদের মধ্যে নতুন উন্মাদনা তৈরি করেছে।
ছবিটিতে ইমরান হাশমির পাশাপাশি অভিনয় করেছেন দিশা পাটানি, শাবানা আজমি, সুবিন্দর ভিকি, বিজয়ন্ত কোহলি, অতুল কুমার, অনিরুদ্ধ রাওয়াল ও পূরণ গাব্বি। ছবিটি পরিচালনা করেছেন নিতিন কক্কর।
প্রতিবেদন অনুযায়ী, ‘আওয়ারাপন ২’-এর জন্য ইমরান হাশমি ১২ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন, যা এই ছবির সর্বোচ্চ পারিশ্রমিক। অন্যদিকে ২০০৭ সালের প্রথম ‘আওয়ারাপন’ ছবির জন্য তিনি পেয়েছিলেন প্রায় ১ কোটি ২০ লাখ থেকে ১ কোটি ৫০ লাখ রুপি।
দিশা পাটানি এই ছবির জন্য পাঁচ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন বলে জানা গেছে। অন্যদিকে বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি পেয়েছেন ২ কোটি থেকে ৫ কোটি রুপির মধ্যে। ছবিতে তাঁকে খলনায়িকার চরিত্রে দেখা যাবে। তবে বাকি অভিনয়শিল্পীদের পারিশ্রমিকের বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।
‘আওয়ারাপন’ মুক্তির সময় বক্স অফিসে বড় সাফল্য না পেলেও সময়ের সঙ্গে এটি হিন্দি সিনেমার অন্যতম কাল্ট ছবিতে পরিণত হয়েছে। চলচ্চিত্র সমালোচকদের মতে, শিবম পণ্ডিত চরিত্রটি ইমরান হাশমির ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় চরিত্র।
‘আওয়ারাপন ২’-এ সেই চরিত্রই নতুন আঙ্গিকে ফিরে এসেছে। জানা গেছে, ছবিটির নির্মাণ ব্যয় প্রায় ২৫ থেকে ৩০ কোটি রুপি। এখন দেখার বিষয়, দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তি পাওয়া এই সিক্যুয়েল দর্শক ও বক্স অফিস—দুই ক্ষেত্রেই কতটা সাফল্য পায়।
BanglaDock