`
ঢাকা | বাংলাব্দ
COX'S BAZAR WEATHER

জোরপূর্বক পদত্যাগপত্রের বৈধতা নেই, শিক্ষককে পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 13, 2026 ইং
জোরপূর্বক পদত্যাগপত্রের বৈধতা নেই, শিক্ষককে পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

কোনো শিক্ষকের কাছ থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের কোনো আইনগত বৈধতা নেই বলে রায় দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এমন পদত্যাগে বাধ্য করা শিক্ষককে স্বপদে অবিলম্বে পুনর্বহাল করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন আদালত।


‘মো. আলকাছ উদ্দিন আহমেদ বনাম রাষ্ট্র’ মামলায় বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম সাইফুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ গত ২০ আগস্ট এ রায় দেন। সম্প্রতি রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়েছে।


মামলাটি গাজীপুরের কালিয়াকৈরের গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলকাছ উদ্দিন আহমেদের। তার অভিযোগ, ২০২৪ সালের ১৪ আগস্ট একদল ব্যক্তি তাকে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর করান। পরে তিনি থানায় জিডি করেন এবং শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়টি জানান।


তদন্তের পর ঢাকা শিক্ষা বোর্ড আলকাছ উদ্দিনকে স্বপদে বহালের নির্দেশ দিলেও তা যথাযথভাবে বাস্তবায়ন না হওয়ায় তিনি হাইকোর্টে রিট করেন।


রায়ে হাইকোর্টের মূল নির্দেশনা হলো, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মাধ্যমে রিটকারী আলকাছ উদ্দিন আহমেদকে প্রধান শিক্ষক পদে পুনর্বহাল নিশ্চিত করতে হবে। তাকে পুনর্বহালের জন্য সংশ্লিষ্ট সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।


আদালত স্পষ্ট করে বলেন, আলকাছ উদ্দিনের পদত্যাগ স্বেচ্ছায় বা নিজের ইচ্ছায় দেওয়া হয়নি। তার স্বাক্ষর জোরপূর্বক নেওয়া হয়েছিল। ফলে ওই পদত্যাগের কোনো আইনগত বৈধতা নেই এবং তাকে চাকরিতে বহাল রাখার ক্ষেত্রে কোনো আইনগত বাধা নেই।


রায়ে আরও বলা হয়েছে, শিক্ষা বোর্ডের নির্দেশনা সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটি ও কর্মকর্তাদের জন্য বাধ্যতামূলক। এই নির্দেশনা ইচ্ছাকৃতভাবে বাস্তবায়ন না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।


এ ক্ষেত্রে ম্যানেজিং কমিটি বাতিল, কমিটির সভাপতিকে অপসারণ এবং প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের এমপিও বন্ধের মতো ব্যবস্থা নেওয়ার সুপারিশ করার ক্ষমতাও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে।


আদালত আরও বলেন, শিক্ষা বোর্ডের নির্দেশনা বাস্তবায়নে ব্যর্থতা প্রশাসনিক অবহেলা, স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের শামিল এবং এতে রিটকারীর বৈধ অধিকার লঙ্ঘিত হয়েছে।


অর্থাৎ, হাইকোর্টের রায়ের মূল কথা হলো—জোর করে নেওয়া পদত্যাগপত্র কার্যকর নয় এবং ওই পদত্যাগের ভিত্তিতে কোনো শিক্ষককে পদচ্যুত রাখা যাবে না; বরং তাকে স্বপদে পুনর্বহাল করতে হবে। নির্দেশনা না মানলে সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটি ও কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া যাবে।


নিউজটি পোস্ট করেছেন : BanglaDock

কমেন্ট বক্স
টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা জব্দ

টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা জব্দ