মাছচাষিদের খুব শিগগিরই ‘কৃষি কার্ড’-এর আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার কিশোরগঞ্জের কটিয়াদিতে ‘জাতীয় মৎস্য পক্ষ’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে মিঠাপানির মাছ উৎপাদনের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। বর্তমানে প্রায় ১৬ লাখ নারীসহ দেশের দুই কোটি মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মৎস্য খাতের ওপর নির্ভরশীল। পরিকল্পিত উদ্যোগ নেওয়া হলে এ খাতে আরও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
তিনি জানান, চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছ প্রক্রিয়াজাত করে বিদেশে রপ্তানির মাধ্যমে বাংলাদেশ প্রতিবছর বৈদেশিক মুদ্রা অর্জন করছে। মৎস্যসম্পদ বাড়াতে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করার পরিকল্পনাও রয়েছে।
অনুষ্ঠানে মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে ‘জাতীয় মৎস্য পদক’ তুলে দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি জেলেদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে পরিচয়পত্র প্রদান ও নিবন্ধন কার্যক্রম অব্যাহত রাখার কথাও জানান তিনি।
BanglaDock