পাবনার ঈশ্বরদীতে মাথায় কাফনের কাপড় বেঁধে হাতে অস্ত্র নিয়ে প্রকাশ্যে মহড়া দিয়েছেন সাবেক ছাত্রদল নেতা জুবায়ের হোসেন বাপ্পি। সোমবার বিকেলে শহরের কলেজ রোড থেকে জিরো পয়েন্ট রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
বাপ্পির দাবি, তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। হুমকিদাতাদের পাশাপাশি মাদক ও সুদের কারবারিদের ‘ওপেন চ্যালেঞ্জ’ জানাতেই তিনি অস্ত্র হাতে রাস্তায় নেমেছেন।
পরে তিনি নিজেই ঈশ্বরদী থানায় গিয়ে হত্যার হুমকির অভিযোগ করেন। এ সময় তার সঙ্গে দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সুলভ মালিথা ছিলেন। পরে পুলিশ বাপ্পিকে হেফাজতে নিয়ে থানায় রাখে।
এদিকে বাপ্পিকে গ্রেপ্তারের দাবিতে ছাত্রদল, যুবদল ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। কয়েকশ নেতাকর্মী সেখানে স্লোগান দেন।
স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান অভিযোগ করেন, বাপ্পি প্রকাশ্যে অস্ত্র হাতে তাকে হত্যার হুমকি দিয়েছেন। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ করে বাপ্পিকে গ্রেপ্তার এবং তার অস্ত্রের লাইসেন্স বাতিলের দাবি জানান।
ঈশ্বরদী থানার ওসি আশাদুর রহমান আসাদ জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং বাপ্পিকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। অস্ত্র প্রদর্শন করে কাউকে হুমকি দেওয়া বা অস্ত্রের অপব্যবহার প্রমাণিত হলে লাইসেন্স বাতিলের বিধান রয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
BanglaDock