গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ‘জেমিনি’ পরীক্ষার সময় ভুল করে তিনটি বাস্তব কোম্পানির কম্পিউটার সিস্টেমে ঢুকে পড়েছিল বলে জানিয়েছে গুগল। তবে প্রতিষ্ঠানটির দাবি, এ ঘটনায় কোনো কোম্পানির ক্ষয়ক্ষতি হয়নি।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, গত মে মাসে ইসরাইলি এআই নিরাপত্তা যাচাইকারী প্রতিষ্ঠান ‘ইরেগুলার’ জেমিনির নিরাপত্তা পরীক্ষা চালানোর সময় ঘটনাটি ঘটে। পরীক্ষাটি একটি নিয়ন্ত্রিত পরিবেশে এবং ইন্টারনেট সংযোগ ছাড়া হওয়ার কথা ছিল। কিন্তু ভুলবশত ইন্টারনেট চালু হয়ে যায়।
পরীক্ষার সময় কয়েকটি নকল কোম্পানির নাম ব্যবহার করা হয়েছিল। ওই নামের সঙ্গে বাস্তব কোম্পানির নামের মিল পাওয়ার পর জেমিনি ইন্টারনেট থেকে পাসওয়ার্ড অনুমান করে বাস্তব কোম্পানির সিস্টেমে প্রবেশের চেষ্টা করে। পরে সেগুলো আসল কোম্পানি বুঝতে পেরে জেমিনি নিজে থেকেই কার্যক্রম বন্ধ করে দেয়।
গুগল জানিয়েছে, ঘটনায় কোনো কোম্পানির ক্ষতি হয়নি। সম্ভাব্যভাবে ক্ষতিগ্রস্ত হতে পারত এমন প্রতিষ্ঠানগুলোকে বিষয়টি জানানো হয়েছিল। তবে কোনো ক্ষয়ক্ষতি না হওয়ায় ঘটনাটি আগে প্রকাশ্যে আনা হয়নি।
এর আগে ওপেনএআই ও অ্যানথ্রোপিকের এআই প্রযুক্তি নিয়েও একই ধরনের নিরাপত্তা উদ্বেগের ঘটনা সামনে আসে। ফলে শক্তিশালী এআই মডেলগুলো নির্মাতাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি রয়েছে কি না, তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর যুক্তরাষ্ট্রের সিনেটর বার্নি স্যান্ডার্স এআই প্রযুক্তির কাজ সাময়িকভাবে বন্ধ রাখার দাবি জানান। অ্যানথ্রোপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেইও যথাযথ নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত এআই উন্নয়নের গতি কিছুটা কমানোর পক্ষে মত দিয়েছেন।
BanglaDock