এশিয়ান গেমস ক্রিকেটের সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। টি-টোয়েন্টি সংস্করণের এবারের আসরে মেয়েদের ক্রিকেট শুরু হবে ১৭ সেপ্টেম্বর, আর ছেলেদের লড়াই শুরু হবে ২৪ সেপ্টেম্বর। সব ম্যাচ অনুষ্ঠিত হবে জাপানের নাগোয়ায়।
প্রথম দিনই মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। ১৭ সেপ্টেম্বর কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ চীন। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬টায়। একই দিনে পাকিস্তান খেলবে থাইল্যান্ডের বিপক্ষে। ১৮ সেপ্টেম্বর মুখোমুখি হবে শ্রীলঙ্কা-মালয়েশিয়া এবং ভারত-জাপান।
চীনের বিপক্ষে জিতলে ২০ সেপ্টেম্বর সেমিফাইনালে খেলবে বাংলাদেশ। ওই ম্যাচে প্রতিপক্ষ নির্ধারিত হবে কোয়ার্টার ফাইনালের ফলের ভিত্তিতে। ২২ সেপ্টেম্বর হবে মেয়েদের ব্রোঞ্জ পদকের ম্যাচ ও ফাইনাল।
ছেলেদের ক্রিকেটে বাংলাদেশ সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে। ২৮ সেপ্টেম্বর কোয়ার্টার ফাইনালের দুটি ম্যাচ হলেও বাংলাদেশের ম্যাচ হবে ২৯ সেপ্টেম্বর। ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়নের বিপক্ষে খেলবে বাংলাদেশ। একই দিনে শ্রীলঙ্কা মুখোমুখি হবে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়নের।
‘এ’ গ্রুপে রয়েছে আফগানিস্তান, জাপান ও নেপাল। ‘বি’ গ্রুপে হংকং, মালয়েশিয়া ও ওমান। প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল কোয়ার্টার ফাইনালে উঠবে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সরাসরি শেষ আটে জায়গা পেয়েছে।
ছেলেদের দুই সেমিফাইনাল হবে ১ অক্টোবর। ৩ অক্টোবর অনুষ্ঠিত হবে ব্রোঞ্জ পদকের ম্যাচ ও ফাইনাল।
সর্বশেষ ২০২৩ সালের এশিয়ান গেমসে পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশের ছেলেরা। এবার সাফল্য আরও এক ধাপ এগিয়ে নিয়ে গিয়ে সোনার পদক জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ।
BanglaDock