মুক্তির আগেই রেকর্ড গড়েছে অল্লু অর্জুন ও দীপিকা পাড়ুকোন অভিনীত সিনেমা ‘রাকা’। ভারতীয় এই সিনেমার সেটে একসঙ্গে ৩৭ জন শিল্পীকে নিয়ে মোশন ক্যাপচার ফিল্মিংয়ের নজির তৈরি হয়েছে। এর স্বীকৃতি হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠেছে সিনেমাটির।
এর আগে বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র স্টুডিওতে একসঙ্গে দুই থেকে তিনজন শিল্পীকে নিয়ে মোশন ক্যাপচার শুটিং হয়েছে। তবে একসঙ্গে ৩৭ জন শিল্পীকে নিয়ে এমন শুটিংয়ের উদ্যোগ এটিই প্রথম বলে জানানো হয়েছে।
সিনেমাটির বিশেষ এফেক্টসে প্রায় ৩০০ কোটি টাকা ব্যয় হচ্ছে বলে জানা গেছে। ‘রাকা’র মোট বাজেট ধরা হয়েছে প্রায় ৮০০ কোটি টাকা। সাইফাই অ্যাকশন-ফ্যান্টাসি ঘরানার সিনেমাটির ভিএফএক্সের দায়িত্বে রয়েছে লস অ্যাঞ্জেলেসের লোলা ভিএফএক্স। তাদের প্রযুক্তিবিদদের একটি দল হায়দরাবাদে এসে সিনেমাটির কাজ করছে।
পরিচালক অ্যাটলি নিজস্ব মোশন ক্যাপচার স্টুডিও তৈরি করেছেন। সিনেমাটির সিনেম্যাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন জি কে বিষ্ণু। এছাড়া ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি’, ‘দ্য ম্যান্ডালোরিয়ান’ ও ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এ কাজ করা প্রস্থেটিক মেকআপ আর্টিস্ট কার্লটন কোলম্যানও যুক্ত হয়েছেন সিনেমাটির সঙ্গে।
‘রাকা’য় একই পরিবারের বংশতালিকার চার প্রজন্মের চার চরিত্রকে একই টাইমফ্রেমে দেখানো হবে। চার চরিত্রেই অভিনয় করবেন অল্লু অর্জুন। ইলিউশন ও মিস্ট্রির মিশেলে নির্মিত সিনেমাটি অল্লু অর্জুনের ক্যারিয়ারের ২২তম এবং অ্যাটলির ষষ্ঠ সিনেমা।
BanglaDock