কক্সবাজারের উখিয়ার পালংখালী সীমান্তে মায়ানমার থেকে পাচারের উদ্দেশ্যে আনা ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে ব্যাগ ফেলে পালিয়ে যায় এক চোরাকারবারি।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধীন পালংখালী বিওপির বিশেষ টহল দল সীমান্তবর্তী পূর্ব ফারির বিল নারিকেল বাগান এলাকায় নিয়মিত টহল পরিচালনাকালে এ অভিযান চালায়।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, টহলরত বিজিবি সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে সীমান্তবর্তী এলাকায় জেলের ছদ্মবেশে মায়ানমার থেকে এক ব্যক্তিকে প্রবেশ করতে দেখেন। পরে তাকে চ্যালেঞ্জ করা হলে ওই ব্যক্তি হাতে থাকা ব্যাগটি নারিকেল বাগানের ভেতরে ফেলে দ্রুত নিকটবর্তী গ্রামের দিকে পালিয়ে যায়।
পরবর্তীতে বিজিবি টহল দল ওই স্থানে তল্লাশি চালিয়ে একটি ব্যাগের ভেতর থেকে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী প্যাকেটে রাখা আনুমানিক ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। ওই এলাকায় বিস্তারিত তল্লাশি চালানো হলেও আর কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।
বিজিবি অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী ও জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত পাহারার পাশাপাশি চোরাচালান ও মাদক প্রতিরোধেও বিজিবি দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা বজায় রাখা এবং মাদকসহ বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম দমনে অভিযান পরিচালনা করে আসছে।
BanglaDock