কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। শনিবার (১৭ অক্টোবর) বেলা ১১টার দিকে টেকনাফের কেরুনতলী সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিরা হলেন হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া বৃটিশপাড়া এলাকার ফেরদৌস (১৮) এবং হ্নীলা ক্যাম্প-২৭-এর ব্লক এ/১০-এর কাউছার (১৮)।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহজনক তিনটি ইজিবাইকে তল্লাশি চালানো হয়। এ সময় প্রায় দুই কোটি টাকা মূল্যের ৪০ হাজার পিস ইয়াবা, দুটি মোবাইল ফোন এবং পাচারকাজে ব্যবহৃত তিনটি ইজিবাইক জব্দ করা হয়। এ ঘটনায় দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে একজন ইজিবাইকচালক পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, জব্দ করা আলামত ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
BanglaDock