মাতৃত্বকালীন বিরতি শেষে অভিনয়ে ফিরেছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। তবে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: দ্য ফেয়ারিটেল ফর গ্রোন আপস’ মুক্তির আগেই ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়কে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়েছেন তিনি।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সিনেমাটির প্রথম ঝলক ও পরে প্রকাশিত ‘তবাহি’ গানটিতে কিয়ারা ও অভিনেতা ইয়াশের রোমান্টিক রসায়ন দর্শকের নজর কেড়েছে। তবে অনেক নেটিজেন এসব অন্তরঙ্গ দৃশ্যকে অপ্রয়োজনীয় ও অতিমাত্রায় সাহসী বলে মন্তব্য করেছেন। কেউ কেউ সিনেমাটিকে ‘নারীবিদ্বেষী’ বলেও সমালোচনা করেছেন।
সমালোচনার জবাবে এক সাক্ষাৎকারে কিয়ারা বলেন, ‘মুঘল-এ-আজম’-এ দিলীপ কুমার ও মধুবালার রসায়ন তাকে অনুপ্রাণিত করেছে। তাঁর ভাষায়, প্রেমকে গভীর ও আবেগঘন অনুভূতি হিসেবে উপস্থাপনের সুযোগ পেয়েছেন বলেই তিনি এ ধরনের দৃশ্যে অভিনয় করেছেন।
তবে কিয়ারা দাবি করেন, শুটিংয়ের আগে নির্মাতারা তাকে আশ্বস্ত করেছিলেন যে কোনো দৃশ্যেই তিনি অস্বস্তিতে পড়বেন না। কিন্তু চূড়ান্ত ফুটেজ দেখার পর তিনি বিস্মিত হন। তাঁর অভিযোগ, যেসব দৃশ্য নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছিলেন, সেগুলো প্রত্যাশামতো সম্পাদনা করা হয়নি।
এদিকে সমালোচকদের একাংশের মতে, একটি অ্যাকশনধর্মী সিনেমার প্রচারণায় এত বেশি ঘনিষ্ঠ দৃশ্যের ব্যবহার প্রয়োজন ছিল না। তাদের দাবি, এতে সিনেমাটি অ্যাকশনের পরিবর্তে ভিন্ন ধরনের আবহ তৈরি করেছে।
বিতর্কের মধ্যেই শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে কিয়ারা আদভানি ও ইয়াশ অভিনীত ‘টক্সিক: দ্য ফেয়ারিটেল ফর গ্রোন আপস’।
BanglaDock