জাতীয় সংসদ ভবনের সামনে ব্যাগ ছিনতাইকালে রিকশা থেকে পড়ে স্কুলশিক্ষিকা রনজিনা পারভীনের মৃত্যুর ঘটনায় মূল সন্দেহভাজন মো. পনি ওরফে ‘প্যারা পনি’কে সহযোগীসহ গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় ছিনতাই কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) র্যাব-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় বিকেল ৪টায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য জানানো হবে।
এর আগে শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীদের কবলে পড়েন স্কুলশিক্ষিকা রনজিনা পারভীন। ছিনতাইকারীরা তার হাতে থাকা ব্যাগে টান দিলে তিনি রিকশা থেকে পড়ে যান বলে জানা গেছে।
রনজিনা পারভীন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
ঘটনার পর ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেন। হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত ও আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।
BanglaDock