র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫ কক্সবাজারের অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও অর্থদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫-এর টেকনাফ ও বান্দরবান ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১টা ৪০ মিনিটে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানিহাট বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে টেকনাফ পৌরসভার মধ্যম জালিয়াপাড়ার বাসিন্দা নুরুল হাকিম (২৮) গ্রেপ্তার হন।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, নুরুল হাকিম চট্টগ্রাম মহানগরের বাকলিয়া থানার একটি মাদক মামলায় আদালত কর্তৃক যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।
আদালতের রায় ঘোষণার পর থেকে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। র্যাবের গোয়েন্দা নজরদারি ও তথ্য বিশ্লেষণের মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানিয়েছে, পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তার এবং মাদকসহ অন্যান্য সংঘবদ্ধ অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।
BanglaDock