কক্সবাজারের টেকনাফে সাঁড়াশি অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাতসহ ১৫ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে পাঁচটি ওয়ারেন্ট তামিল, পুলিশ এসল্ট মামলার একজন এজাহারনামীয় আসামি ও নিয়মিত মামলার একজন আসামি রয়েছেন। এ ছাড়া অনলাইন জুয়া, পুলিশি কাজে বাধাদানসহ বিভিন্ন অপরাধে ১১ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা ৬টা ৫০ মিনিট পর্যন্ত ১৬ এপিবিএনের আওতাধীন টেকনাফের বিভিন্ন ক্যাম্প এলাকায় এ বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়। ১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউছার সিকদারের নেতৃত্বে অভিযানে ১৬ এপিবিএন, জেলা পুলিশ, র্যাব, বিজিবি, ব্যাটালিয়ন আনসার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ১৩৫ জন কর্মকর্তা ও সদস্য অংশ নেন।

অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে কুখ্যাত ডাকাত আরাফাতকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে দুটি ওয়ারেন্ট রয়েছে। অপর একটি অভিযানে একাধিকবারের প্রচেষ্টায় কুখ্যাত ডাকাত হাসানকে গ্রেপ্তার করা হয়। ২৫ বছর বয়সী হাসানের বিরুদ্ধেও দুটি ওয়ারেন্ট রয়েছে।
এ ছাড়া ছোট ছোট দলে বিভক্ত হয়ে পরিচালিত অভিযানে পুলিশ এসল্ট মামলার একজন এজাহারনামীয় আসামি এবং নিয়মিত মামলার আরও একজন আসামিকে গ্রেপ্তার করা হয়।
অভিযান শেষে ওয়ারেন্টভুক্ত পাঁচ আসামি, পুলিশ এসল্ট মামলার একজন এবং নিয়মিত মামলার একজনসহ মোট চারজনকে গ্রেপ্তার এবং ১১ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে দণ্ড দেওয়া হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।
BanglaDock