কক্সবাজারের উখিয়ার সীমান্তবর্তী মিয়ানমারের অভ্যন্তরে স্থলমাইন বিস্ফোরণে এক বাংলাদেশি নাগরিক গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণে তার ডান পা ও শরীরের ডান পাশের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাকে প্রথমে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উখিয়া বালুখালী সীমান্তের মিয়ানমার অংশের প্রায় ৭০০ মিটার ভেতরে এ ঘটনা ঘটে। আহত বদি আলম (৩২) উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী জুমের ছড়া এলাকার বাসিন্দা।
স্থানীয়দের ভাষ্য, সকালে বদি আলম বালুখালী বিজিবি বিওপির পেছনের সীমান্তবর্তী এলাকা নাফ নদীতে মাছ ধরতে যান। এ সময় মিয়ানমারের অভ্যন্তরে চর এলাকায় আরাকান আর্মির পূর্বে পুঁতে রাখা একটি স্থলমাইনের বিস্ফোরণ ঘটে। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, বালুখালী সীমান্তবর্তী এলাকায় নাফ নদীতে মাছ ধরতে গিয়ে একজন ব্যক্তি স্থলমাইন বিস্ফোরণে আহত হয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে, মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির পূর্বে পুঁতে রাখা স্থলমাইনের বিস্ফোরণে তিনি আহত হয়েছেন।
তিনি আরও জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় জনসাধারণকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে চলাচলের আহ্বান জানানো হয়েছে।
BanglaDock