কক্সবাজারের চকরিয়া রেলস্টেশনে মহানগর এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি এবং চকরিয়াসহ আশপাশের আট উপজেলার যাত্রীদের জন্য আসন বরাদ্দের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, চকরিয়া, পেকুয়া, কুতুবদিয়া, মহেশখালী, লামা ও আলীকদমসহ আশপাশের উপজেলার বিপুলসংখ্যক মানুষ শিক্ষা, চিকিৎসা ও বিভিন্ন প্রয়োজনে ঢাকায় যাতায়াত করেন। তাঁদের যাতায়াত সহজ করতে চকরিয়া রেলস্টেশনে মহানগর এক্সপ্রেসের যাত্রাবিরতি এবং স্থানীয় যাত্রীদের জন্য আসন বরাদ্দ নিশ্চিত করা প্রয়োজন।
মানববন্ধনে সংহতি জানিয়ে কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ও মাতামুহুরী উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ইউসুফ বদরী বলেন, চকরিয়ায় ট্রেনটির যাত্রাবিরতি না থাকায় আশপাশের এলাকার বহু মানুষ রেলসেবার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। জনস্বার্থে দ্রুত যাত্রাবিরতির ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি। এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন ইউসুফ বদরী। অন্যথায়, দাবি আদায়ে বৃহত্তর কর্মসূচি ঘোষণার কথাও জানান তিনি।
আয়োজকেরা বলেন, চকরিয়ায় মহানগর এক্সপ্রেসের যাত্রাবিরতি ও স্থানীয় যাত্রীদের জন্য আসন বরাদ্দ করা হলে আট উপজেলার মানুষের যাতায়াত আরও সহজ ও সাশ্রয়ী হবে।
মানববন্ধনের খবর পেয়ে সকালে রেলওয়ে পুলিশের কক্সবাজার জিআরপি ক্যাম্পের ইনচার্জ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল চকরিয়া রেলস্টেশনে যায়। তিনি বলেন, শান্তিপূর্ণ মানববন্ধনে তাঁদের সমর্থন রয়েছে। তবে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি বা রেলওয়ের সম্পদ ক্ষতিগ্রস্ত করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে।
মানববন্ধনে চকরিয়া থানা-পুলিশের সদস্য এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
BanglaDock