কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি ও ইসলামি মাহাজ দলের প্রধান মো. রফিককে গ্রেপ্তার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উখিয়ার বালুখালী ক্যাম্প-৯-এর সি/৫ ব্লক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই ক্যাম্পের বাসিন্দা মো. আইয়ুবের ছেলে।
এপিবিএন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. রফিককে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ বলেন, রোহিঙ্গা ক্যাম্পে অপরাধ নিয়ন্ত্রণ, অস্ত্রধারী সন্ত্রাসী ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত ও বিশেষ অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. রফিককে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, ক্যাম্প এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা দমনে অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সাধারণ রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ক্যাম্পে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ৮ এপিবিএনের কার্যক্রম অব্যাহত থাকবে।
BanglaDock