এআই প্রযুক্তিতে নির্মিত মাইক্রোড্রামা ‘দ্য মাফিয়া ডন হায়ার্ড মি অ্যাজ হিজ ওয়াইফ’-এর কাল্পনিক চরিত্র লুকাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। বিশেষ করে ফেসবুকে লুকার প্রতি দর্শকদের মুগ্ধতা এবং নোরার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে আগ্রহ দেখা যাচ্ছে।
অনেক দর্শক লুকাকে নিজেদের ‘ক্রাশ’ হিসেবে উল্লেখ করছেন। নুজহাত খান লিখেছেন, ‘লুকা আমার ক্রাশ।’ রুবাবা আজাদ লিখেছেন, ‘বুড়া বয়সে এসে এসব মাফিয়া ডন-টনের ওপর ক্রাশ খেয়ে যাচ্ছি।’ তামান্না জান্নাতের মন্তব্য, ‘সব ক্রাশকে হার মানিয়ে এখন আমার ক্রাশ মাফিয়া কিং।’
লুকার পাশাপাশি নোরার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও দর্শকদের মধ্যে আলোচনা চলছে। কেউ কেউ তাঁদের জুটিকে পছন্দ করার কথা জানিয়েছেন, আবার অনেকে চুক্তির বিয়ে ও মাফিয়া-জীবনের গল্প নিয়ে মজার মন্তব্য করছেন। এক দর্শক লিখেছেন, ‘ফেসবুকে এলেই ইদানীং এআই ধারাবাহিক “মাফিয়া ডন লুকা” আর তার বউ নোরার দেখা মেলে।’
আরেক দর্শক মন্তব্য করেছেন, ‘শাকসবজির সংসার দেখা বাদ দিয়ে এখন এআই মাফিয়া ভাইয়ার বাচ্চা আর চুক্তির বিয়ের গল্প দেখি।’ কেউ কেউ আবার বাস্তবে অস্তিত্বহীন লুকা কাস্তেলিনো ও নোরা বেনেটের চরিত্রে মুগ্ধ হওয়ার কথাও জানিয়েছেন।
লুকা ও নোরা কোনো বাস্তব অভিনেতা-অভিনেত্রী নন; এআই প্রযুক্তিতে তৈরি কাল্পনিক চরিত্র। তবে তাঁদের ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া আগ্রহ এআইনির্ভর বিনোদনের নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।
BanglaDock