কক্সবাজারের উখিয়ায় মিয়ানমার থেকে ইয়াবা পাচারের সময় ১০ হাজার পিস ইয়াবাসহ মো. সেলিম (২০) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। বুধবার নয়, মঙ্গলবার ৬ অক্টোবর দুপুরে বালুখালী বিওপির বিশেষ টহল দল তাকে আটক করে।
বিজিবি জানায়, মঙ্গলবার দুপুর ২টা ২০ মিনিটের দিকে বালুখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তের বিএসপি পোস্ট সংলগ্ন সোহেলের ঘের এলাকায় মিয়ানমার দিক থেকে এক ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে সন্দেহ করে। টহল দল তাকে চ্যালেঞ্জ করলে পালানোর চেষ্টা করেন সেলিম। পরে বিজিবি সদস্যরা তাকে আটক করে তল্লাশি চালান।
এ সময় তার হাতে থাকা একটি পোটলার ভেতর খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের একটি কার্টনে ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। আটক সেলিম কক্সবাজারের উখিয়া থানাধীন এফডিএমএন ক্যাম্প-১৬-এর ব্লক-A-2 এলাকার ফরিদ আলমের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেলিম মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিল বলে বিজিবির কাছে স্বীকার করেছে।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
BanglaDock