উত্তাল সাগরে সন্দ্বীপ থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করা একটি যাত্রীবাহী স্পিডবোট মাঝসমুদ্রে জ্বালানি শেষ হয়ে অচল হয়ে পড়ে। এ সময় স্পিডবোটে থাকা আট যাত্রী চরম আতঙ্কের মধ্যে পড়েন। পরে সাগরে ভাসতে ভাসতে সেটি সীতাকুণ্ড উপকূলের ম্যানগ্রোভ বনে গিয়ে থামে।
জানা গেছে, শনিবার সকাল ১০টার দিকে জরুরি প্রয়োজনে আট যাত্রী সন্দ্বীপের গুপ্তছড়া ঘাট থেকে ১০ আসনের একটি স্পিডবোট ভাড়া করে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হন। সমুদ্র উত্তাল থাকা অবস্থায় কিছুদূর যাওয়ার পর হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে যায়। চালক ও সহযোগীরা দীর্ঘ সময় চেষ্টা করেও স্পিডবোটটি চালু করতে পারেননি। পরে যাত্রীদের জানানো হয়, জ্বালানি শেষ হয়ে গেছে।
যাত্রী নূর হোসেন জানান, বড় বড় ঢেউয়ের মধ্যে মাঝসাগরে স্পিডবোট বন্ধ হয়ে যাওয়ায় সবাই ভয়ে ছিলেন। যেকোনো সময় নৌযানটি ডুবে যেতে পারে—এমন আশঙ্কায় অনেকে আল্লাহকে ডাকতে থাকেন। দীর্ঘ সময় ভেসে থাকার পর শেষ পর্যন্ত স্পিডবোটটি তীরে পৌঁছালে স্বস্তি ফেরে যাত্রীদের মধ্যে।
সংশ্লিষ্টরা জানান, বৈরী আবহাওয়ার কারণে ওই সময় চট্টগ্রাম-সন্দ্বীপ নৌপথে স্পিডবোট চলাচলে নিষেধাজ্ঞা ছিল। সমুদ্রবন্দরে সতর্কসংকেতও জারি করা হয়েছিল। এরপরও নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্পিডবোটটি যাত্রা করে।
বিআইডব্লিউটিএ জানিয়েছে, স্পিডবোটটির রুট পারমিটসহ প্রয়োজনীয় বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। সংস্থাটির কর্মকর্তারা বলছেন, নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রা করায় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।
BanglaDock