কক্সবাজারের উখিয়ায় পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলার ১১ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) উখিয়া থানা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার চারজন, আদালতের জিআর সাজা পরোয়ানাভুক্ত দুজন এবং মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত পাঁচজন রয়েছেন।
নিয়মিত মামলায় গ্রেপ্তার চারজন হলেন টুপটুপ রেস্টুরেন্টের সহকারী ব্যবস্থাপক জাহিদ হোসেন সুমন (২৯), কলি মোল্লা (২৮), মো. জুবায়ের (২৬) ও আবুল কাসেম ওরফে পেটান আলী (৩৯)।
এ ছাড়া আদালতের সাজা পরোয়ানায় সামছুল হক ওরফে বেলাল (২৬) ও সৈয়দ আহমেদ মনিরকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, সামছুল হকের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৬৫ ও ৩২৩ ধারায় কারাদণ্ড ও অর্থদণ্ডের সাজা রয়েছে। অন্যদিকে, সৈয়দ আহমেদ মনিরের দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁকে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত পাঁচজন হলেন বশির আহম্মদ, কাফায়েত উল্লাহ (২৪), কাফায়েত উল্লাহ (৪৩), মো. সাদেক ও মো. রফিক। তাঁদের যথাক্রমে ২০ দিন, এক মাস, ২০ দিন, এক মাস ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড রয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ১১ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলার কার্যক্রম ও সাজা পরোয়ানা অনুযায়ী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা শেষে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং আদালতের পরোয়ানা কার্যকরে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে উখিয়া থানা পুলিশ।
BanglaDock