কক্সবাজারের মহেশখালীর সংরক্ষিত বনের ভেতর দিয়ে ৪ দশমিক ৮ কিলোমিটার পাকা সড়ক নির্মাণ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বন বিভাগের আপত্তি সত্ত্বেও নির্মাণকাজ চালানো হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রায় ২২ কোটি টাকার প্রকল্পের আওতায় শাপলাপুর ইউনিয়নের জেএম ঘাট থেকে কালারমার ছড়া পর্যন্ত সড়কটি নির্মাণ করা হচ্ছে। বন বিভাগের দাবি, বর্তমানে সেখানে গড়ে ২ মিটার প্রশস্ত একটি সরু ট্রেইল রয়েছে। সেটিকে ৫ দশমিক ৫ মিটার প্রশস্ত করতে হলে দুই পাশে পাহাড় ও বনভূমি কাটতে হবে।
বন কর্মকর্তাদের আশঙ্কা, পাকা সড়ক হলে সংরক্ষিত বনের ভেতরে মানুষের প্রবেশ বাড়বে। এতে অবৈধ দখল, বন উজাড় ও বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংসের ঝুঁকি তৈরি হবে।
সড়ক নির্মাণের বৈধতা চ্যালেঞ্জ করে বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি—বেলা উচ্চ আদালতে রিট করেছে। গত ৬ আগস্ট হাইকোর্ট নির্মাণকাজে নিষেধাজ্ঞা দিলেও ৯ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট ওই নিষেধাজ্ঞা স্থগিত করে শর্তসাপেক্ষে কাজ চালানোর অনুমতি দেন।
বন বিভাগ জানিয়েছে, সড়কটির প্রস্থ ৫ দশমিক ৫ মিটারের বেশি করা যাবে না। তবে সংরক্ষিত বনের ভেতরে পাকা সড়ক নির্মাণ বিদ্যমান আইনের পরিপন্থী বলেও দাবি তাদের।
এদিকে বন বিভাগের আপত্তির কারণে বর্তমানে প্রকল্পের কাজ বন্ধ রয়েছে বলে জানিয়েছে এলজিইডি। সংশ্লিষ্টরা বলছেন, নির্মাণকাজ চলতে থাকলে মহেশখালীর সংরক্ষিত বন ও জীববৈচিত্র্যের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে।
BanglaDock