কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানে টেকনাফ পৌর কৃষক দলের আহ্বায়ক মনির আলম প্রকাশ বাদশাসহ তিনজনকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা, নগদ ২ হাজার ২০০ টাকা ও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
আটক অন্য দুজন হলেন টেকনাফ সদর শীলবনিয়া পাড়ার কফিল উদ্দিন ও মৌলভীপাড়ার রবি আলম।
কোস্ট গার্ড জানায়, মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌরসভার ডেইল পাড়া এলাকায় মনির আলমের বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে তল্লাশি চালিয়ে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তিনজনকে আটক করা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় কোস্ট গার্ড বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আটক তিনজনকে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এর আগে ২০২১ সালে রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে ২৬ হাজার ৬৩৫ পিস ইয়াবাসহ মনির আলম ওরফে বাদশা আটক হয়েছিলেন।
BanglaDock